মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্লা সেলিম!

প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ২০:০৫

জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভায় বিচারক মো. আব্দুল হান্নান

তুচ্ছ বিষয়ে কোনো আসামি যেন দীর্ঘদিন জেল হাজতে না থাকে

লিগ্যাল এইডের ব্যাপারে গণমাধ্যমে প্রচার বাড়ানোর ওপর গুরুত্বারোপ

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
তুচ্ছ বিষয়ে কোনো আসামি যেন দীর্ঘদিন জেল হাজতে না থাকে

চাঁদপুর জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) বিকেল সাড়ে ৪টায় চাঁদপুর জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ শরাফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সদ্য বিদায়ী বিচারক ও সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আব্দুল হান্নান।

তিনি তাঁর বক্তব্যে বলেন, চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আমি দু বছর দায়িত্ব পালন করেছি। এ সময় লিগ্যাল এইড কমিটির সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে দেখেছি। সামান্য বা তুচ্ছ বিষয়ে কোনো আসামি যেন দীর্ঘদিন জেলহাজতে না থাকে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সচেতন থাকতে হবে।

তিনি আরও বলেন, কেউ যদি বিনা কারণে হাজতে থাকে বা অন্যায়ভাবে মামলায় জড়িয়ে পড়ে, তাহলে তার মুক্তির জন্যে লিগ্যাল এইড কমিটিকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। আইনি সহায়তা পাওয়া প্রত্যেক নাগরিকের অধিকার। চাঁদপুর জেলা লিগ্যাল এইড কমিটির যারা আছেন, তারা আন্তরিকতার সাথে সেবা দিয়ে যাচ্ছেন। চাঁদপুর প্রেস ক্লাবের যারা সভাপতির দায়িত্বে ছিলেন, তাঁরা আমাদের সহযোগিতা করেছেন, যা প্রশংসনীয়। জেলখানা কর্তৃপক্ষ যেন এ ধরনের মামলাগুলো কোর্টের নজরে আনে।

সভায় জানানো হয়, গত মাসে মোট ১১টি অভিযোগ গ্রহণ করা হয়েছে। এসব মামলায় দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্যে আইনজীবীদের আবেদন করে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি লিগ্যাল এইড একটি সরকারি আইনগত সেবার বিষয়, যে ব্যাপারে সাধারণ মানুষকে সচেতন করতে গণমাধ্যমে প্রচার বাড়ানোর ওপর সভায় গুরুত্বারোপ করা হয়।

চাঁদপুর জেলা লিগ্যাল এইড অফিসার (ভারপ্রাপ্ত) মো. আব্দুল আলিমের পরিচালনায় বক্তব্য রাখেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামছুল ইসলাম মন্টু, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও সিভিল সার্জন প্রতিনিধি ডা. মো. রফিকুল হাসান ফয়সাল, জেল সুপার জুবাইর হোসেন, জেলা তথ্য কর্মকর্তা তপন চন্দ্র বেপারী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. জাকির হোসেন ফয়সাল এবং জীবনদীপ সংগঠনের সভাপতি অ্যাডভোকেট বিনয় ভূষণ মজুমদার।

চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, লিগ্যাল এইড সম্পর্কে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সেমিনার ও সচেতনতামূলক সভা করা প্রয়োজন, যাতে লিগ্যাল এইডের মাধ্যমে গরিব ও অসহায় মানুষ আইনি সহায়তা যে পাচ্ছে তা জানতে পারে। এ বিষয়ে চাঁদপুর প্রেসক্লাবের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাপক প্রচার চালানো হবে। লিগ্যাল এইডের পজিটিভ কর্মকাণ্ডে চাঁদপুর প্রেসক্লাব সবসময়ই সহযোগিতা করবে।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার ফয়সাল, সরকারি কৌঁসুলি (জিপি) এ জেড এম রফিকুল হাসান, নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল পিপি অ্যাডভোকেট শিরিন আসমা সুলতানা মুক্তা, স্থানীয় সরকার বিভাগের ম্যানেজার মমতাজ বেগমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভায় বক্তারা লিগ্যাল এইড কমিটির কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। সভায় এ লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া আগামী ২৮ এপ্রিল ২০২৬ চাঁদপুরে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে আইনগত সহায়তা দিবস-২০২৬ পালনে সকলের সহযোগিতা কামনা করা হয়।

সভাশেষে বিদায়ী বিচারক মো. আব্দুল হান্নানকে জেলা লিগ্যাল এইড কমিটির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়