প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ২০:২৮
স্বাধীনতা দিবসে খেলাফত মজলিসের আলোচনা সভা ও দোয়া মাহফিল

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে খেলাফত মজলিস, চাঁদপুর শহর শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল যথাযথ মর্যাদার সাথে অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় বক্তারা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধের শহীদদের, যাঁদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। তাঁরা বলেন, স্বাধীনতার প্রকৃত চেতনা হলো ন্যায়বিচার, সাম্য, মানবিকতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। এসব মূল্যবোধ বাস্তবায়নের মাধ্যমেই একটি সুন্দর, কল্যাণমুখী ও নৈতিক সমাজ গঠন সম্ভব।
শহর শাখার সভাপতি সুলতান আহমেদের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, আবু বকর খান, সাব্বির আহমেদ, ফাহাদ আলী, তাকী ইব্রাহীম প্রমুখ।
বক্তারা আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে স্বাধীনতার চেতনাকে সমুন্নত রাখতে হলে জাতীয় ঐক্য, নৈতিক নেতৃত্ব এবং জনগণের অধিকার রক্ষায় সবাইকে সচেতন ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং স্বাধীনতার প্রকৃত লক্ষ্য অর্জনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
পরিশেষে মহান আল্লাহ তাআলার দরবারে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।








