প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ২২:১৮
শহিদদের আত্মত্যাগ স্মরণে ড্যাফোডিল কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল

বৃহস্পতিবার (১৬ ২০২৬) ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারী শহিদদের স্মরণে 'জুলাই শহিদ দিবস ২০২৬' উপলক্ষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, চাঁদপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে দিনব্যাপী কর্মসূচি গভীর শ্রদ্ধা ও ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়।
|আরো খবর
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের অসামান্য আত্মত্যাগের কথা স্মরণ করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং নতুন প্রজন্মকে সেই আদর্শ ও চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন কলেজের প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ জিহাদুল ইসলাম। তিনি আন্দোলনের সময়কার অভিজ্ঞতা ও বাস্তব চিত্র তুলে ধরে শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম, সাহস ও ন্যায়বোধের গুরুত্ব তুলে ধরেন।
অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের নূরে নুসরাত, সাউদা আক্তার ও মিজানুর রহমান এবং মানবিক বিভাগের রানিম ও প্রিয়া ধর। তারা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বৈষম্যহীন, মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে জাফর ইকবাল খান বলেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শহিদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে।
সভাপতির বক্তব্যে নূর খান শিক্ষার্থীদের সত্য, ন্যায় ও মানবিক মূল্যবোধের পথে অটল থাকার আহ্বান জানিয়ে বলেন, জুলাই আন্দোলনের শিক্ষা ও চেতনা ধারণ করেই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। অনুষ্ঠানশেষে জুলাই আন্দোলনের শহিদদের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি মো. মাহবুবুল হোসেন।








