প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ১৩:৪১
কচুয়ায় সড়ক থেকে ছিটকে পড়ে যাত্রীবাহী বাসে আগুন

কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের সাজিরপাড় এলাকায় ঢাকাগামী আল-আরাফাহ পরিবহনের একটি বাস ব্রীজের রেলিং ভেঙ্গে ছিটকে পড়ে আগুনে পুড়ে গেছে। কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
|আরো খবর
বুধবার ভোর রাতে কচুয়া-গৌরীপুর সড়কের সাজিরপাড় এলাকার রফিকুল ইসলামের বাড়ির পাশে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম বলেন, সেহরী খাওয়ার সময় বিকট শব্দের পর আগুন দেখতে পাই। পরে দ্রুত আমরা গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। সাচার পুলিশ ফাঁড়ি ও ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। তবে চালক ও হেলপার ঘটনার পরপরই পালিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা বরিউল ইসলাম বলেন, যাত্রীবিহীন বাসটি ভোর রাতে ঈদের যাত্রীদের আনতে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হয়।
কচুয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ছিদ্দিকুর রহমান বলেন, বাসটির ৬০ ভাগ পুড়ে গেছে। সড়ক থেকে ছিটকে পড়ে তেলের ট্যাংকি বিস্ফোরণে আগুন ধরে যায় বলে ধারণা করছেন তিনি। চালক বেপোরোয়া গতি অথবা ঘুমের কারণে এই দুর্ঘটনার কবলে পড়েছেন বলে দাবি করেন এই স্টেশন কর্মকর্তা।








