প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ২১:১০
রমজানের তৃতীয় জুমায় মসজিদে মসজিদে মুসল্লিদের ভিড়

পবিত্র রমজান মাসের তৃতীয় জুমা গেলো শুক্রবার (১৬ রমজান ১৪৪৭ হিজরি, ৬ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ)। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পবিত্র এইদিনে চাঁদপুর জেলা শহরে সবচাইতে বড়ো মসজিদ পুরাণবাজার ঐতিহাসিক জামে মসজিদসহ অন্যান্য সকল জুমা মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিদের উপচেপড়া ভিড় দেখা যায়। শত শত মুসল্লি কাতারবন্দী হয়ে জুমার নামাজ আদায় করেন। দুপুর ১টার মধ্যেই মসজিদের ভেতরের অংশ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মসজিদের ভেতরে স্থান সঙ্কুলান না হওয়ায় মুসল্লিরা বাইরে রাস্তার ওপর জায়নামাজ বিছিয়ে জুমার নামাজ আদায় করেন। মসজিদ চত্বর ও আশপাশের সড়কেও মুসল্লিরা সারিবদ্ধভাবে নামাজ আদায় করেন।
|আরো খবর
রমজান মাসজুড়ে প্রতিটি জুমায় এভাবেই সারা দেশের ন্যায় চাঁদপুর শহরের বায়তুল আমিন রেলওয়ে জামে মসজিদ, বেগম জামে মসজিদ, বাসস্ট্যান্ড গোর-এ- গরিবা জামে মসজিদ, চাঁদপুর সরকারি কলেজ জামে মসজিদ, হাজীগঞ্জ বড় মসজিদসহ বিভিন্ন মসজিদে মুসল্লিদের এই বাড়তি চাপ দেখা যায়, যা ইবাদতের প্রতি মানুষের গভীর অনুরাগের বহিঃপ্রকাশ।
পুরাণবাজার ঐতিহাসিক জামে মসজিদে জুমার নামাজ শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব ও পেশ ইমাম মুফতি মোহাম্মদ ইব্রাহিম খলিল মাদানী।








