প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ২১:২০
কচুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কচুয়া উপজেলায় পুকুরে ডুবে জুনাঈদ হোসেন (৬) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) ভোরে উপজেলার ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নের আলীয়ারা গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
|আরো খবর
নিহত জুনাঈদ হোসেন ওই গ্রামের গ্রাম পুলিশ জোৎস্না আক্তারের ছেলে। তার অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। ছোট্ট শিশুটির এমন মৃত্যুতে পুরো এলাকায় শোকের মাতম বিরাজ করছে।
স্থানীয় সূত্র ও পরিবার জানায়, সেহরি খাওয়ার পর ভোরবেলা পরিবারের সবাই ঘুমিয়ে থাকলেও জুনাঈদ ঘুম থেকে উঠে বাড়ির পাশের পুকুরপাড়ে যায়। ধারণা করা হচ্ছে, দাঁত ব্রাশ করার সময় অসাবধানতাবশত সে পুকুরে পড়ে যায়। পরে অনেকক্ষণ তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।
প্রায় ২ ঘণ্টা পর বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় জুনায়েদের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় । এ ঘটনায় নিহত শিশুটির মা জোৎস্না আক্তারসহ পরিবারের সদস্যদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠে। তাদের আহাজারিতে এলাকাবাসীও আবেগাপ্লুত হয়ে পড়েন। ঘটনার খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।







