প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ০০:২৪
ফরিদগঞ্জের শাহাপুর গ্রামে দৃষ্টিনন্দন স্থাপত্যে নির্মিত বাইতুল আবরার জামে মসজিদ

ফরিদগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের শাহাপুর গ্রামে অবস্থিত বাইতুল আবরার জামে মসজিদ। দৃষ্টিনন্দন মসজিদটি সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে নির্মাণ করেছেন বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী ও সমাজসেবক মো. মোতাহার হোসেন পাটওয়ারী (সিআইপি)।
২০২৬ সালের ১৬ জানুয়ারি জুমার নামাজের মাধ্যমে মসজিদটির শুভ উদ্বোধন করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মুহিউদ্দীন কাসেম। মসজিদটি উদ্বোধনের দিন জুমার নামাজ আদায় করতে প্রায় ২ হাজার মুসল্লি উপস্থিত ছিলেন। মসজিদটি আরো নান্দনিক, আরো বড়ো পরিসরে, আরো ব্যয়বহুলভাবে নির্মাণ করার পরিকল্পনা ছিলো ৫/৬ বছর আগে। কিন্তু একটি পক্ষের বিরোধিতার কারণে তা আর করা সম্ভব হয়নি।
ফরিদগঞ্জ সদর থেকে উপজেলার উত্তর অঞ্চলের প্রবেশ পথে মসজিদটির অবস্থান হওয়ায় অনেকেই যানবাহন থেকে নেমে ঘুরে ঘুরে দেখেন এই দৃষ্টিনন্দন মসজিদটি। মোতাহার হোসেন পাটওয়ারীর বাড়ির সামনে মসজিদটির অবস্থান। দক্ষিণ পাশে বাড়ির রাস্তা, পশ্চিমে পুকুর, দক্ষিণে চর অভিমুখী রাস্তা, পূর্বে উপজেলার উত্তর অঞ্চলের রাস্তা। অজুখানা, ওয়াশ রুম এবং বাইরের সুসজ্জিত পরিবেশ যে কারো দৃষ্টি কাড়বেই। মসজিদটি নির্মাণ করতে ১ কোটি ৩০ লাখ টাকা খরচ হয়েছে। মসজিদের ভেতরে একসাথে ২শ’ মুসল্লি নামাজ পড়তে পারেন। মসজিদের ভেতর থেকে বাইরের স্পেস বেশি।
মসজিদের প্রতিষ্ঠাতা মো. মোতাহার হোসেন পাটওয়ারী মসজিদ কমিটির সভাপতির দায়িত্বও পালন করছেন। খতিবের দায়িত্ব পালন করছেন মাওলানা মো. আবদুর রাজ্জাক।








