প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ১৫:০৩
বিভিন্ন মহলের শোক
বিশ্বনন্দিত আলেম পীরজাদা মীর হাবিবুর রহমান যুক্তিবাদীর ইন্তেকাল

বিশ্বনন্দিত ও কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অতন্দ্র প্রহরী এবং ৫০ বছর ওয়াজের মাঠে দ্বীনের সঠিক উপস্থাপক, পীরজাদা মাওলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী (৮৩) হুজুর আর বেঁচে নেই। তিনি মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) ভোর ৫টা ৪৫ মিনিটে ঢাকা এভার কেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।
মরহুমের প্রথম জানাজার নামাজ বাদ আসর ঢাকা জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে অনুষ্ঠিত হবে। পরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিজ বাড়িতে বাবা-মায়ের কবরের পাশেই দাফন করা হবে বলে বড়ো ছেলে মাও. মো. আবু বকর সিদ্দিক জানিয়েছেন।
মীর মো. হাবিবুর রহমান যুক্তিবাদী মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলে, ৩ মেয়ে, নাতি নাতনি সহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
বিভিন্ন মহলের শোক
ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুর জেলা কার্যালয়ের
উপ-পরিচালক মো. সেলিম সরকার মাওলানা পীরজাদা মীর মো. হাবিবুর রহমান যুক্তিবাদীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এক শোকবার্তায় বলেন, যুক্তিবাদী সাহেব বাংলার প্রত্যন্ত অঞ্চলে ইসলাম ও ধর্মীয় অনুভূতি বজায় রেখে যুগ যুগ ধরে মানুষকে আল্লাহমুখী করেছেন। তিনি কখনো ধর্মীয় সভা সেমিনারে নবী-রাসূল ও ইসলামকে নিয়ে বিভ্রান্তিমূলক কথা বলেননি। তাঁর মৃত্যুতে একজন প্রখ্যাত আলেম আমরা হারালাম। তাঁর স্থান সহজে পূরণ হবার নয়। আমরা তাঁর আত্মার মাগফেরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
জেলা জমইয়াতে হিযবুল্লাহর শোক
বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা মো. সাইফুদ্দিন খন্দকার ও সাধারণ সম্পাদক মাওলানা মো. মমিনুল ইসলাম খান যুক্তিবাদী সাহেবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তাঁরা বলেন, মাওলানা মীর মো. হাবিবুর রহমান যুক্তিবাদীর বাবা ছারছীনার আল্লামা শাহ্ সূফী নেছারুদ্দিন আহমদ (রহমতুল্লাহি আলাইহি)-এর খলিফা ছিলেন। তিনি তাঁর বাবার আদর্শেই দেশে বিদেশে ইসলামের সঠিক মূল্যবোধ উপস্থাপন করে মানুষকে নবীপ্রেমিক বানিয়েছেন। আমরা তাঁর মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
জেলা কাজী সমিতির শোক
চাঁদপুর জেলা কাজী সমিতির সভাপতি মাওলানা মো. ফজলুল কবীর পাটওয়ারী ও সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আবু সুফিয়ান আব্দুল্লাহ আল মামুন পীরজাদা মাওলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
জেলা হেফাজতে ইসলামের শোক
চাঁদপুর জেলা হেফাজতে ইসলামের আমির মাওলানা মো. লিয়াকত হোসাইন ও সাধারণ সম্পাদক মুফতি মাহবুবুর রহমান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রবীণ ওয়ায়েজ পীরজাদা মীর মো. হাবিবুর রহমান যুক্তিবাদীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তাঁরা বলেন, দলমত নির্বিশেষে ইসলামিক স্কলারদের মধ্যে তিনি ছিলেন সবার প্রিয়। আমরা তাঁর মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি








