প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ২১:১৬
কচুয়ায় মাসব্যাপী মৎস্য চাষ প্রশিক্ষণের উদ্বোধন

কচুয়া উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের ব্যবস্থাপনায় বেকার যুবক ও নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মাসব্যাপী মৎস্য চাষ প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করা হয়েছে। জগতপুর উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে একতা বন্ধন যুব সমাজকল্যাণ সংগঠন ও এসএস যুব ফাউন্ডেশনের উদ্যোগে এ প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
|আরো খবর
সোমবার (২ মার্চ ২০২৬) বিকেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কোর্সের উদ্বোধন করেন চাঁদপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হুমায়ুন কবীর।
উদ্বোধনী অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্যে উপ-পরিচালক বলেন,
বর্তমান সরকারের মূল লক্ষ্য হচ্ছে দক্ষ যুব শক্তি গড়ে তোলা। মৎস্য চাষ বাংলাদেশের একটি অত্যন্ত লাভজনক খাত। আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের প্রশিক্ষণ গ্রহণ করে যুব সমাজ নিজেদের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে।তিনি আরও উল্লেখ করেন, এই প্রশিক্ষণ শেষে সফল প্রশিক্ষণার্থীদের সহজ শর্তে ঋণ সুবিধা প্রদান করা হবে, যাতে তারা মৎস্য খামার স্থাপনের মাধ্যমে স্বাবলম্বী হতে পারে।
অনুষ্ঠানে কচুয়া উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা গাজী মো. আবুল বাশারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফেরদৌস আহমেদ, হাজীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এজিএম তাজুল ইসলাম পাটোয়ারী, চাঁদপুর সদরের যুব উন্নয়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, কচুয়া উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা মো. শাহজাহান, ১২নং আশ্রাফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হোসেন ইমাম মুন্সী, বিশিষ্ট সমাজসেবক আতিকুল হক বাচ্চু, পিপলকরা সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি কাজী মোস্তফা কামাল, একতা বন্ধন যুব সমাজকল্যাণ সংগঠনের সভাপতি আল হাসান নাহিদ, এসএস যুব ফাউন্ডেশনের সভাপতি সুজন পোদ্দার ও সাধারণ সম্পাদক আবু সাঈদ।
প্রশিক্ষণে ২৫ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। তাদের শৃঙ্খলা বজায় রাখা এবং অর্জিত জ্ঞানকে মাঠ পর্যায়ে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করা হয়।








