প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৩৫
গুণরাজদী গাজী সড়কে চোর ও মাদকসেবীদের উপদ্রব

চাঁদপুর শহরের নিউ ট্রাক রোড সংলগ্ন গাজী সড়ক এলাকায় আবারো চোর, মাদকসেবীদের উপদ্রব ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে । গুণরাজদী গাজী সড়কে কিছু চিহ্নিত চোর রয়েছে যারা মানুষের বাসা, বাড়ি, স্কুল, মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অহরহ চুরি করে আসছে। পাশাপাশি মাদক সেবনকারীদেরও উপদ্রব বেড়েছে। এরা গাজী সড়কের এবং এলাকার বিভিন্ন পথে মোড়ে আড্ডা দিয়ে বসে থাকে ঘন্টার পর ঘন্টা। এলাকাবাসী এদের অত্যাচারে দীর্ঘদিন যাবত অতিষ্ঠ।
ঘটনার বিবরণে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি এলাকার শিশু কিশোর স্কুল থেকে সিলিং ফ্যানসহ বিভিন্ন আসবাবপত্র চুরি করে নিয়ে যায়। স্কুলের দরজার তালা ভেঙ্গে চোরের দল ভেতরে প্রবেশ করে জিনিসপত্র নিয়ে যায়। তাছাড়া জানালার গ্রীল নিয়ে যায়। এছাড়া মানুষের বাসার বিদ্যুতের মেইন লাইনের তার কেটে করে নিয়ে যায়। এতে কয়েকজনকে পুলিশে সোপর্দ করা হলেও কিছুদিন পর আবার বের হয়ে এসে চুরি শুরু করে। বিশেষ করে এলাকার হারুন বকাউলের ছেলে শরীফ ও সালাউদ্দিনসহ আরো অনেকেই চুরির সাথে জড়িত বলে এলাকাবাসী জানান। এরা দিনের বেলা প্রকাশ্যে ঘুরে বেড়ায় আর রাতের বেলা চুরিসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকে। এলাকাবাসী এদেরকে গ্রেফতারের জন্যে সদর থানা পুলিশসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।








