বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ২২:০৪

৭ নভেম্বর উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জেলা বিএনপির রচনা প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার॥
৭ নভেম্বর উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জেলা বিএনপির রচনা প্রতিযোগিতা

ঐতিহাসিক ৭ নভেম্বর 'মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে চাঁদপুরে ৭ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জেলা বিএনপি। ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলার সব মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে 'মহান ৭ নভেম্বরের তাৎপর্য' বিষয়ক ৫০০ শব্দের রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত চাঁদপুর শহরের বিভিন্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে এই রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কমপক্ষে ১৫-২০ জন বা তারও বেশি প্রতিযোগী এতে অংশ নেয়।

এ দিন সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত পাঁচটি বিদ্যালয়ে অনুষ্ঠিত শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা পর্যবেক্ষণ করেন প্রতিযোগিতা উপকমিটির আহ্বায়ক ও চাঁদপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, সদস্যসচিব ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, সদস্য ও জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিসান আহমেদ এবং জেলা যুবদলের সদস্য রাজিব খান।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমিনুল হক সর্দার, লেডী প্রতিমা মিত্র বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মাৎ মোর্শেদা ইয়াসমিন, দ্বারকানাথ (ডিএন) উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন, সহকারী শিক্ষক মো. শাহ আলম, ওসমান গণিসহ অন্যান্য শিক্ষক এবং চাঁদপুর পৌর ১৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি হোসেন তালুকদার।

চাঁদপুর জেলা বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সংক্রান্ত রচনা প্রতিযোগিতা উপকমিটির আহ্বায়ক শরীফ উদ্দিন পলাশ এবং সদস্যসচিব ফয়সাল আহমেদ বাহার বলেন, "৭ নভেম্বর দেশের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই দিনের মূল চেতনা হলো স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা। ১৯৭৫ সালে দেশে রাজনৈতিক সংঘাত ও নানা অনিশ্চয়তার মধ্য দিয়ে জনগণের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল। এরই প্রেক্ষাপটে ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব সংঘটিত হয়। ৭ নভেম্বরের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয় রাজনীতি ও রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রে উঠে আসেন।"

তারা আরও বলেন, "নতুন প্রজন্মের কাছে ঐতিহাসিক ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য ও প্রেক্ষাপট তুলে ধরতেই এই রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় নির্দেশনায় এটি বাস্তবায়িত হচ্ছে। এরই ধারাবাহিকতায় সব মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আজ আমরা হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে পরিদর্শনের মাধ্যমে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখেছি।"

কর্মসূচির পরবর্তী ধাপ সম্পর্কে তারা জানান, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষকেরা প্রাথমিক মূল্যায়নের মাধ্যমে নিজ নিজ বিদ্যালয় থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী তিনটি করে খাতা দেবেন। এভাবে ১০৫টি বিদ্যালয় থেকে প্রাপ্ত খাতাগুলো কেন্দ্রীয়ভাবে পুনর্বিবেচনা করে সেরাদের পুরস্কৃত করা হবে।

বিজয়ীরা আগামী ৭ নভেম্বরের মূল মঞ্চে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের হাত থেকে পুরস্কার গ্রহণ করবেন। প্রথম থেকে দশম স্থান অর্জনকারী প্রতিযোগীদের পুরস্কৃত করা হবে বলে জানান তারা।

ছবি ক্যাপশন:

৭ নভেম্বর উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপি আয়োজিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের রচনা প্রতিযোগিতা পরিদর্শন করছেন প্রতিযোগিতা উপ-কমিটির আহ্বায়ক শরীফ উদ্দিন পলাশ ও সদস্যসচিব ফয়সাল আহমেদ বাহার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়