প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ২১:০০
চাঁদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর জনসভা
চাঁদপুরে মাদকাসক্ত, ইভটিজার ও চাঁদাবাজ থাকতে পারবে না
: শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে শহরের জে এম সেনগুপ্ত সড়কে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "অনেক দিন পর আমরা মুক্ত পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পেরেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আমরা সারা দেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছি। আমাদের চারপাশের পুকুর ও জলাশয়গুলো পরিষ্কার করতে হবে, যাতে মশার কামড়ে ডেঙ্গু ছড়াতে না পারে। যেখানে জলাশয় রয়েছে, সেখানে পুকুর সংস্কার করে আপনারা মাছ চাষ করবেন। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছেন। সে মোতাবেক আগামী ৫ তারিখের মধ্যে চাঁদপুর সদর ও হাইমচরে ৪ হাজার গাছ রোপণ করা হবে।
তিনি আরও বলেন, "জনগণের ভাগ্যোন্নয়ন ও দেশের অগ্রগতিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একটি দল সরকারের নামে নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। কিছু দলের মানুষ আছেন, যারা মানুষের দ্বারে দ্বারে গিয়ে মিথ্যা রটাচ্ছেন। সাধারণ মানুষকে এগুলো থেকে সতর্ক থাকতে হবে এবং বুঝিয়ে বলতে হবে। জনগণকে সচেতন করবেন, দেশের প্রতিটি ষড়যন্ত্রের পেছনে আওয়ামী লীগের সঙ্গে একটি বিশেষ গোষ্ঠী জড়িত রয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো কারও সঙ্গে আপস করেননি। আমৃত্যু তিনি জনগণের পাশে থেকে দেশের সেবা করে গেছেন।"
স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্র নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, "বর্তমান সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দিয়েছে। চাঁদপুরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালটি ৫০০ বেডে উন্নীত করার চেষ্টা চলছে। বিগত কোনো সরকার যা করেনি, আমরা তা করে দেখাচ্ছি। আমরা মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য প্রত্যেক ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করেছি। যেসব কমিটি সক্রিয়ভাবে কাজ করছে, তারা দায়িত্বে বহাল থাকবে; আর যারা নিষ্ক্রিয়, দ্রুতই সেসব কমিটি পুনর্গঠন করা হবে। চাঁদপুরের মাটিতে কোনো মাদকাসক্ত, ইভটিজার ও চাঁদাবাজের স্থান হবে না। সব অপশক্তিকে আমরা একসঙ্গে রুখে দেবো। তবে কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নেবেন।"
জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও শহর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি এবং সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশনের যৌথ সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন—জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্লা সেলিম, সহ-সভাপতি জসিম উদ্দীন খান বাবুল, দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, ডি এম শাহজাহান, অ্যাডভোকেট এ টি এম মোস্তফা কামাল, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কোহিনুর রশিদ, দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী, শহর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্লা খোকন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শিরিন সুলতানা মুক্তা, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূঁইয়া, জেলা ওলামা দলের সভাপতি জসিম উদ্দীন, মৎস্যজীবী দল নেতা মোস্তফা কামাল, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ঈমান হোসেন গাজী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সদর উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা ইসমাইল হোসেন।








