মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ০১:৫৫

স্থানীয় সরকার নির্বাচন : সম্ভাব্য প্রার্থীর মুখোমুখি-৫৬

নির্বাচিত হলে ওয়ার্ডের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করবো

-------------মো. মাসুদ আখন্দ

চাঁদপুর কন্ঠ রিপোর্ট
নির্বাচিত হলে ওয়ার্ডের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করবো
মো. মাসুদ আখন্দ

'আমি নির্বাচিত হলে আমার ওয়ার্ডের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করবো। বাল্যবিবাহমাদকমুক্ত সমাজ গড়ে তুলবো। এছাড়া ওয়ার্ডের অসমাপ্ত উন্নয়ন কাজ সম্পন্ন করাই হবে আমার প্রথম অগ্রাধিকার'।

কথাগুলো বলেছেন চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সম্ভাব্য ইউপি সদস্য (মেম্বার) প্রার্থী মো. মাসুদ আখন্দ । নিচে তাঁর সাক্ষাৎকার তুলে ধরা হলো। সাক্ষাৎকার গ্রহণ করেছেন সোহাঈদ খান জিয়া।

চাঁদপুর কণ্ঠ : আপনি কেনো ইউপি সদস্য (মেম্বার) পদে নির্বাচন করতে চান? আপনার পরিচিতি সম্পর্কে কিছু বলুন।

মাসুদ আখন্দ : আমি মো. মাসুদ আখন্দ, পিতা মো. সানাউল্লাহ আখন্দ। আমার বাড়ি চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নিজ গাছতলা গ্রামে। আমি একজন ব্যবসায়ী। মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হই। আমি আমার ওয়ার্ডের অসমাপ্ত উন্নয়ন কাজ সম্পন্ন করার লক্ষ্য নিয়েই ইউপি সদস্য পদে নির্বাচন করতে চাই। নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা অনুযায়ী জনগণকে সঙ্গে নিয়ে অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার সর্বোচ্চ চেষ্টা করবো।

চাঁদপুর কণ্ঠ : নির্বাচিত হলে আপনার ওয়ার্ডের জন্যে প্রথম তিনটি অগ্রাধিকারমূলক কাজ কী হবে?

মো. মাসুদ আখন্দ : নির্বাচিত হলে আমার প্রথম অগ্রাধিকার হবে আমার ওয়ার্ডকে বাল্যবিবাহ মুক্ত করা, মাদকমুক্ত সমাজ গড়ে তোলা এবং এতিম, দুঃস্থ ও অসহায় মানুষের পাশে থেকে সমাজসেবামূলক কাজ করা।

চাঁদপুর কণ্ঠ : আপনার ওয়ার্ডের সবচেয়ে বড় সমস্যা কী? তা সমাধানে আপনার পরিকল্পনা কী?

মো. মাসুদ আখন্দ : আমার ওয়ার্ডের সবচেয়ে বড় সমস্যা হলো, বৃষ্টি হলে কিছু কিছু জায়গা ও অনেক বসতবাড়ি পানিতে ডুবে যায়। পাশাপাশি ডাকাতিয়া নদীর ভাঙ্গনে বিশাল এলাকা ডাকাতিয়া নদীতে বিলীন হয়ে গেছে। এখানকার নদী ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণে উদ্যোগ নিবো। রাস্তাঘাট মেরামত করবো। নির্বাচিত হলে রাস্তাঘাট সংস্কারের পাশাপাশি উল্লেখিত সমস্যা সমাধান করবো সংশ্লিষ্টদের সাথে সমন্বয় করে ।

চাঁদপুর কণ্ঠ : ভোটাররা কেনো অন্য প্রার্থীদের বাদ দিয়ে আপনাকেই ভোট দেবেন বলে আপনি মনে করেন?

মো. মাসুদ আখন্দ : জনসেবা করতে আমার কাছে ভালো লাগে। জনপ্রতিনিধি না হয়েও নিজের সামর্থ্য অনুযায়ী গরিব ও অসহায় মানুষের পাশে ছিলাম। সামর্থ্য অনুযায়ী গরিব ও অসহায় মানুষকে সহায়তা করেছি। ভবিষ্যতেও তাদের পাশে থাকার চেষ্টা করবো। আমি বিশ্বাস করি, আমার এই আন্তরিকতা ও মানুষের প্রতি দায়িত্ববোধের মূল্যায়ন করে ভোটাররা আমাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবেন। পূর্বেও আমি প্রার্থী হয়েছিলাম। আমাকে ভোটাররা ভোট দিয়েছেন। আমি ভোটারদের উপর সন্তুষ্ট।

চাঁদপুর কণ্ঠ : উপরের প্রশ্নগুলোর বাইরে আপনার আর কোনো বক্তব্য থাকলে বলতে পারেন।

মো. মাসুদ আখন্দ : অতিরিক্ত কোনো বক্তব্য নেই। আমার সাক্ষাৎকার প্রকাশের সুযোগ দেয়ায় চাঁদপুর কণ্ঠকে আন্তরিক ধন্যবাদ জানাই।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়