প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ১৬:২৫
কাজ করতে না দিলে পদত্যাগ করবো
: স্বতন্ত্র এমপি এম এ হান্নান

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এম এ হান্নান বলেছেন, “আমাকে কাজ করতে দিতে হবে; কাজ না করতে পারলে পদত্যাগ করবো। আমি জনপ্রতিনিধি হিসেবে জনগণের জন্যে কাজ করতে এসেছি। মিথ্যা বলে যারা আমাকে বারবার বিব্রত করার চেষ্টা করছেন, তাদের প্রতি অনুরোধ—সত্য বলুন এবং সৎ পথে থাকুন। তাহলেই জনগণ একদিন হলেও আপনাদের কথা শুনবে।”
তিনি আরও বলেন, “বিগত জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে ডেকে নিয়ে নির্বাচন থেকে সরে যেতে বলতেন, তাহলে অবশ্যই আমি সরে যেতাম। কিন্তু তিনি আমাকে বলেননি; তার মানে তিনি আমাকে নির্বাচন করার সুযোগ দিয়েছেন। আমি নিজেও প্রধানমন্ত্রীকে সে কথা বলেছি। কুচক্রী মহলের কারণে ২০০৮ ও ২০১৮ সালে আমি দলের মনোনয়ন পেয়েও নির্বাচন করতে পারিনি। কিন্তু এবার দলীয় মনোনয়ন না পেলেও জনগণ আমাকে নির্বাচিত করে তাদের কল্যাণে কাজ করার সুযোগ দিয়ে সংসদে পাঠিয়েছে। আমি নিজের জন্যে নয়, ফরিদগঞ্জবাসীর উন্নয়নের জন্যে বিভিন্ন মন্ত্রণালয় ও মন্ত্রীদের দরবারে ঘুরছি। আশা করছি আপনারা দ্রুতই সেই সুফল পাবেন। আপনারা যে যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করুন।”
মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) ফরিদগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ, শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ এবং 'বৃহত্তর কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প'-এর আওতায় ৪২টি কৃষক গ্রুপের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া, উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার, সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক শাহাদাত হোসেন সাবু পাটওয়ারী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুন্নবী নোমান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়া, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আমানত গাজী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আমজাদ হোসেন শিপন, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সাবেক সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক আমিন মিজি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব ফারুক হোসেন এবং উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মঞ্জুর হোসেন মঞ্জুসহ অন্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি বিভাগ জানায়, কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৪২টি কৃষক গ্রুপের (প্রতি গ্রুপে ৩০ জন সদস্য) মাঝে নানা ধরণের কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১২টি ধান কর্তন যন্ত্র (রিপার), ১৩টি ধান মাড়াই যন্ত্র, ৮টি ভুট্টা মাড়াই যন্ত্র, ১৩টি এলএলপি, ১৩টি ফিতা পাইপ, ১৩টি ফুট পাম্প, ৭টি বেড প্ল্যান্টার এবং ৩৫টি হ্যান্ড স্প্রেয়ার।
অন্যদিকে উপজেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গেছে, প্রথম পর্যায়ে উপজেলার ভালো ফলাফল অর্জনকারী ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে এসব ক্রীড়া সামগ্রী পৌঁছে দেওয়া হবে।








