প্রকাশ : ০৮ জুন ২০২৬, ২২:৩৫
ফরিদগঞ্জে বিএনপির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

'ফ্যাসিস্ট ও স্বৈরাচারের দোসর' কর্তৃক ফরিদগঞ্জে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন ২০২৬) বিকেলে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যানারে শুরু হওয়া মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানার মোড়ে এসে শেষ হয়। পরে থানার মোড়ে জেলা যুবদল সদস্য ফজলুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন বিএনপি নেতা ও উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, পৌর বিএনপি নেতা এমএম টুটুল পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুস ছবুর রুবেল, বিএনপি নেতা মানিক পাটওয়ারী, পৌর যুবদল নেতা শাওন পাঠান, তারেক পাটওয়ারী এবং ছাত্রদল নেতা আশিকুর রহমান।
|আরো খবর
বক্তারা বলেন, যারা ধানের শীষ তথা দলের বিরুদ্ধে গিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তারা কখনোই বিএনপির লোক হতে পারে না। ফরিদগঞ্জ বিএনপির ঘাঁটি, এখানে কখনো বিএনপি হারতে পারে না। ষড়যন্ত্র করে বিএনপিকে হারানো হয়েছে। স্বতন্ত্র এমপি নিজের ছবি সম্বলিত ব্যানার দিয়ে মিছিল সমাবেশ করুক, তাতে আমাদের আপত্তি নেই। কিন্তু তিনি আজকের পর থেকে কখনোই বিএনপির ব্যানার ব্যবহার করতে পারবেন না। তাহলে আমরা তা প্রতিহত করবো। একই সাথে প্রশাসনকে বলতে চাই, স্বৈরাচারের দোসর কর্তৃক ফরিদগঞ্জের বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। মিথ্যা মামলা দিয়ে আর হয়রানি করা যাবে না।
উল্লেখ্য, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালনকে কেন্দ্র করে গত ৩১ মে রোববার বিকেলে সংঘর্ষ, হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। হামলার ঘটনায় আহত স্বতন্ত্র এমপি এমএ হান্নানের সমর্থক মেহেদি হাসান রনি বাদী হয়ে ধানের শীষ প্রার্থীর সমর্থক বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক রাজু পাটওয়ারীকে প্রধান আসামী করে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাদের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় মামলা (নং -৩। তাং- ২জুন ২০২৬) দায়ের করে।








