প্রকাশ : ০৪ জুন ২০২৬, ২১:৫০
কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন মতলব উত্তরের জিয়াউর রহমান জিয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ১ম সহ-সভাপতি পদে জায়গা পেয়েছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া।
বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন দেয়া হয়।
সাবেক যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া মাঠপর্যায়ের রাজনীতিতে অত্যন্ত জনপ্রিয় এবং দুঃসময়ের সাহসী নেতা হিসেবে পরিচিত। জিয়াউর রহমানকে এই গুরুত্বপূর্ণ পদ দেয়ায় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছে।
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় দলের চেয়ারম্যানের আস্থাভাজন নেতাদের একজন হিসেবে জিয়াউর রহমান জিয়ার নাম বিভিন্ন সময় আলোচনায় এসেছে। নতুন কমিটিতে সহ-সভাপতির দায়িত্ব পাওয়াকে তার দীর্ঘ রাজনৈতিক পথচলা ও সাংগঠনিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে দেখছেন নেতা-কর্মীরা।
নতুন দায়িত্ব পেয়ে জিয়াউর রহমান জিয়ার অনুসারীরা আশা প্রকাশ করেছেন, তিনি কেন্দ্রীয় যুবদলকে আরও শক্তিশালী ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
সহ-সভাপতি নির্বাচিত হওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জিয়াউর রহমান জিয়া দলের হাইকমান্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রথমেই আমি গভীর কৃতজ্ঞতা জানাই আমাদের অভিভাবক, দেশনায়ক তারেক রহমানের প্রতি, যিনি আমার মতো একজন নগণ্য কর্মীর ওপর আস্থা রেখে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছেন।
তিনি আরো বলেন, আমাদের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ভাই এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ভাইয়ের নেতৃত্বে আমরা প্রতিটি পাড়া-মহল্লায় যুবদলের দুর্গ গড়ে তুলবো।








