প্রকাশ : ২৫ মে ২০২৬, ০২:৩৯
স্থানীয় সরকার নির্বাচন : সম্ভাব্য প্রার্থীর মুখোমুখি-৩৯
জনগণের ন্যায্য অধিকার পৌঁছে দিতে আমি নির্বাচন করবো
-----------মো. মাসুদ মাল

চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের ৪নং ওয়ার্ডে সদস্য পদে নির্বাচন করবেন মো. মাসুদ মাল। তিনি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। তিনি জিয়া স্মৃতি সংসদ চাঁদপুর জেলার সাধারণ সম্পাদক। তাঁর বাবাও এই ওয়ার্ডের মেম্বার ছিলেন। পেশায় তিনি ব্যবসায়ী। রাজনীতি এবং ব্যবসার পাশাপাশি জনসেবামূলক কাজ-এর সাথে সম্পৃক্ত আছেন। নির্বাচন সামনে রেখে তিনি চাঁদপুর কণ্ঠের মুখোমুখি হয়েছেন। নিচে তাঁর সাক্ষাৎকারটি তুলে ধরা হলো--
|আরো খবর
চাঁদপুর কণ্ঠ : আপনি স্থানীয় সরকার নির্বাচনে কোথা থেকে কোন্ পদে প্রার্থী হিসেবে অংশ নিতে চান?
মো. মাসুদ মাল : আমি চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। সামনে পবিত্র ঈদুল আজহা। আমি আমার এলাকার সকলকে পবিত্র ঈদের শুভেচ্ছা ও সালাম জানাতে চাই। সকলে যাতে ভালোভাবে ঈদ করতে পারে সেই দোয়া করছি।
চাঁদপুর কণ্ঠ : প্রার্থী হবার ইচ্ছা আপনি কবে থেকে পোষণ করেছেন? অতীতে কি কখনো নির্বাচনে অংশ নিয়েছিলেন?
মো. মাসুদ মাল : আমি অতীতে নির্বাচন করিনি। তবে আমার এলাকাবাসী সবসময় আমাকে নির্বাচন করার ব্যাপারে উৎসাহিত করেছে। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে এলাকাবাসী আমাকে নির্বাচনে অংশ নেয়ার জন্যে অনেক বলেছে। আপনারা জানেন, আমার বাবা এই ওয়ার্ডের দুবারের নির্বাচিত মেম্বার ছিলেন। যেহেতু তখন আওয়ামী লীগ সরকার ছিলো এবং পরিস্থিতি ভালো ছিলো না, সে কারণে আমি নির্বাচন করিনি। ২০২৪ সালের ৫ আগস্টে সরকার পরিবর্তনের পরে আমি এখন নির্বাচন করার পরিবেশ তৈরি হওয়ায় নির্বাচন করতে চাচ্ছি। ৫ আগস্ট আমি নিজে ভূমিকা রেখেছি এবং আমার এ এলাকায় সাধারণ মানুষকে সর্বোচ্চ সহযোগিতা করেছি। আমি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তৎকালীন সময়ে সকলকে খাওয়া-দাওয়া থেকে শুরু করে অন্যান্য অনেক বিষয়ে সহযোগিতা করেছি। ওই সময় আমি প্রায় পৌনে দু লক্ষ টাকা খরচ করেছি। যেহেতু এখন নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে এবং আমি একজন ব্যবসায়ী, ব্যবসা করে চলি, সে কারণে এলাকাবাসীর চাহিদায় আমি নির্বাচন করবো ইনশাল্লাহ।
চাঁদপুর কণ্ঠ : আপনি কি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দলীয় সমর্থন বা মনোনয়ন প্রত্যাশা করেন? না নির্দলীয়ভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে চান?
মো. মাসুদ মাল : আপনি জানেন, আমি জিয়া স্মৃতি সংসদ চাঁদপুর জেলার সাধারণ সম্পাদক। দলীয় কর্মকাণ্ডে সবসময় নিজে যুক্ত থাকি। দল যদি আমাকে বিবেচনা করে তবে আমি নির্বাচন করবো অথবা যদি নির্দলীয় নির্বাচন হয়, তখনও আমি নির্বাচন করবো। সবাই দল পছন্দ করে; একজন চায়ের দোকানদার যেমন দল পছন্দ করে, ঠিক তেমনি সব মানুষই কোনো না কোনো দলের সমর্থক। আমি সকলের দোয়া নিয়ে নির্বাচন করবো।
চাঁদপুর কণ্ঠ : নির্বাচনে নিতান্তই জনপ্রিয়তা যাচাই করার জন্যে বা কেবল পরিচিতি লাভের জন্যে প্রার্থী হতে চান, না বিজয়ী হবার মানসে আঁটঘাঁট বেঁধে নেমেছেন বা নামবেন?
মো. মাসুদ মাল : আমি একজন ব্যবসায়ী। দীর্ঘদিন থেকে কাঠের ব্যবসা করি। বিভিন্ন মসজিদ-মাদ্রাসায় আমি আমার পক্ষ থেকে সহযোগিতা করি এবং আমি মসজিদ ও মাদ্রাসা কমিটির সাথেও নিজেকে যুক্ত রেখেছি। আমি মেম্বার হয়ে কখনোই চাইবো না কোনো কিছু ভোগদখল করতে। মানুষ আমাকে মেম্বার বানাবে ভালোবেসে। আমি সবসময় গরিব-অসহায় মানুষের পাশে ছিলাম এবং আগামীতেও থাকবো। সরকারি যে বরাদ্দ আসবে আমি তা শতভাগ যারা পাওয়ার তাদেরকে পৌঁছে দেবো। আমি বিজয়ী হওয়ার জন্যেই নির্বাচনে নেমেছি। সকলের দোয়া নিয়ে আমি বিজয়ী হবো ইনশাল্লাহ।
চাঁদপুর কণ্ঠ : নির্বাচনকেন্দ্রিক আপনার পরিকল্পনা কি? সমাজসেবামূলক কাজ কতোটুকু করছেন বা করবেন? ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছেন তথা জনসংযোগ শুরু করেছেন?
মো. মাসুদ মাল : ভোটের কার্যক্রম আমার চলমান রয়েছে। আমি এলাকাবাসীকে সাথে নিয়ে ভোটের মাঠে রয়েছি। আমি এমনভাবে কাজ করবো যাতে করে ভোটাররা ভবিষ্যতেও আমাকে চাইবে। আমি সমাজসেবামূলক কাজে দীর্ঘদিন থেকে জড়িত। হোসেনপুর বাইতুল আমান জামে মসজিদে দীর্ঘ চার বছর সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছি। এর আগে আমার বাবাও এই মসজিদের দায়িত্বে ছিলেন। আমার বাবা একজন ভালো মানুষ ছিলেন। এলাকার সকল মানুষ তাঁকে পছন্দ করতেন এবং তিনি দুবার এই চার নম্বর ওয়ার্ডের মেম্বার ছিলেন। আমার এলাকার সাধারণ মানুষের সকল বিপদ-আপদে আমি যুক্ত থাকি। ধর্মীয় সকল কাজে এলাকার মানুষ আমাকে সবসময় সমর্থন করছে এবং মেম্বার হিসেবে আমাকে সমর্থন দেবে এটা আমার দৃঢ় বিশ্বাস।
চাঁদপুর কণ্ঠ : নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে হবে বলে আপনি আশাবাদী? নির্বাচনে সুষ্ঠুতার বিষয়ে আপনার কোনো পরামর্শ আছে কি?
মো. মাসুদ মাল : আমি শতভাগ নিশ্চিত নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। বিগত দিনের যে নির্বাচন হয়েছে সেগুলোর ইতিহাস বাংলাদেশের মানুষ জানে। বর্তমান সরকার একটি গ্রহণযোগ্য নির্বাচন করবে, যার মাধ্যমে স্থানীয় সরকার গঠিত হবে। নির্বাচন কমিশন একটি গ্রহণযোগ্য নির্বাচন করবে বলে আমি শতভাগ নিশ্চিত।
চাঁদপুর কণ্ঠ : এলাকার উন্নয়নে আপনি ভোটারদের উদ্দেশ্যে কোনো প্রতিশ্রুতি ব্যক্ত করতে চান?
মো. মাসুদ মাল : আমি নির্বাচিত হলে জনগণের মাঝে সরকারি বরাদ্দ শতভাগ সুষ্ঠুভাবে বণ্টন করবো। আমার কোনো আত্মীয় কখনো কোনো বাড়তি সুবিধা পাবে না। আমি আমার এলাকার মানুষের জন্যে আগেও ছিলাম এবং নির্বাচিত হলে তাদেরকে নিয়ে সুষ্ঠু ও সুন্দরভাবে আমাদের ওয়ার্ড গড়ে তুলবো। কোনো অনিয়ম কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। যার যেটা প্রাপ্য সে সেটা পাবে। আমি নিজে গিয়ে দিয়ে আসবো। জনগণের কাছে আমার প্রতিশ্রুতি হচ্ছে: আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন, আমি আপনাদের জন্যে সবকিছু উজাড় করে করবো ইনশাল্লাহ।
চাঁদপুর কণ্ঠ : উপরে উল্লেখিত প্রশ্নগুলোর বাইরে আপনার কোনো বক্তব্য থাকলে সেটা বলতে পারেন।
মো. মাসুদ মাল : আমি আমার এলাকার সাধারণ মানুষের সাথে সবসময় মিলেমিশে চলাফেরা করি। তাদের সুখ-দুঃখে পাশে থাকি। আমার ব্যবসা প্রতিষ্ঠানে প্রায় ৪০ জন সহকর্মী কাজ করে। তাদেরকে আমি আমার ভাইয়ের মতো মনে করি। তাদের সকল বিপদ-আপদে আমি পাশে থাকি। যেহেতু আমি সবসময় জনগণের পাশে ছিলাম, আছি। তাই জনগণের ভোটে নির্বাচিত হলে সরকারের অনেক কাজ আমি সহজেই করতে পারবো, যাতে জনগণের উন্নয়ন হবে।
চাঁদপুর কণ্ঠ : আপনার সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরুন।
মো. মাসুদ মাল : আমি মো. মাসুদ মাল, ৪নং ওয়ার্ড, ২নং আশিকাটি ইউনিয়ন, চাঁদপুর সদর, চাঁদপুর। আমার বাবা সাবেক মেম্বার শাজাহান মাল। আমাদের মালেদের বাড়ি। আমি বাবুরহাট বাজারের কাঠ ব্যবসায়ী। দীর্ঘদিন থেকে এই ব্যবসার সাথে যুক্ত হওয়ায় আমার এলাকা বাবুরহাট এলাকা এবং এ অঞ্চলের মানুষ আমাকে চেনে, জানে ও আমাকে পছন্দ করে। আমিও সকলকে সহযোগিতা করি।
ডিসিকে/ এমজেডএইচ








