প্রকাশ : ১৩ মে ২০২৬, ০১:৫১
স্থানীয় সরকার নির্বাচন : সম্ভাব্য প্রার্থীর মুখোমুখি-৩৫
সুশাসনভিত্তিক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে চাই
------------------মো. মাজহারুল ইসলাম

"ছোটবেলা থেকেই মানুষের জন্যে কাজ করার প্রবল ইচ্ছা ছিলো। দীর্ঘদিন ধরে আমি মানুষের পাশে থাকার চেষ্টা করছি এবং সেই চিন্তা থেকেই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।" চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী মো. মাজহারুল ইসলাম উপরোক্ত কথাগুলো বলেন। তিনি একটি আধুনিক, সুন্দর ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন গড়তে চান। চাঁদপুর কণ্ঠকে প্রদত্ত তার সাক্ষাৎকারটি নিচে হুবহু তুলে ধরা হলো :
|আরো খবর
চাঁদপুর কণ্ঠ : আপনি স্থানীয় সরকার নির্বাচনে ইউনিয়ন পরিষদে কোত্থেকে কোন্ পদে প্রার্থী হিসেবে অংশ নিতে চান?
মাজহারুল ইসলাম : আমি চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করার ইচ্ছা পোষণ করছি। আমার লক্ষ্য হলো, ইউনিয়নের সাধারণ মানুষের পাশে থেকে একটি আধুনিক, সুশাসনভিত্তিক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন করা।
চাঁদপুর কণ্ঠ : প্রার্থী হওয়ার ইচ্ছা আপনি কবে থেকে পোষণ করছেন? অতীতে কি কখনও নির্বাচনে অংশ নিয়েছিলেন?
মাজহারুল ইসলাম : ছোটবেলা থেকেই মানুষের জন্যে কাজ করার প্রবল ইচ্ছা ছিলো। সমাজের বিভিন্ন সমস্যা, মানুষের কষ্ট ও অবহেলা কাছ থেকে দেখেই জনসেবার মানসিকতা আরও দৃঢ় হয়েছে। দীর্ঘদিন ধরে আমি মানুষের পাশে থাকার চেষ্টা করছি এবং সেই চিন্তা থেকেই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। অতীতে কোনো নির্বাচনে অংশগ্রহণ করিনি। তবে মানুষের ভালোবাসা ও সমর্থন আমাকে এই সাহস জুগিয়েছে।
চাঁদপুর কণ্ঠ : আপনি কি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দলীয় সমর্থন বা মনোনয়ন প্রত্যাশা করেন? না কি নির্দলীয়ভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে চান?
মাজহারুল ইসলাম : আমি মূলত জনগণের সমর্থনকেই সবচেয়ে বড়ো শক্তি মনে করি। দল-মতের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে চাই। জনগণ এবং আমার প্রিয় দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চাইলে আমি দলীয়ভাবে নির্বাচন করতে প্রস্তুত। কারণ আমার কাছে মানুষের আস্থা ও ভালোবাসাই সবচেয়ে বড়ো পরিচয়।
চাঁদপুর কণ্ঠ : নির্বাচনে নিতান্তই জনপ্রিয়তা যাচাই করার জন্যে বা কেবল পরিচিতি লাভের জন্যে প্রার্থী হতে চান? না কি বিজয়ী হওয়ার মানসে আটঘাঁট বেঁধে নেমেছেন বা নামবেন?
মাজহারুল ইসলাম : আমি শুধুমাত্র পরিচিতি লাভের জন্যে নির্বাচন করতে চাই না। আমি বাস্তবিক অর্থেই মানুষের জন্যে কাজ করতে চাই এবং জনগণের বিশ্বাস অর্জন করে বিজয়ী হওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামতে চাই। আমার উদ্দেশ্য ক্ষমতা নয়, বরং দায়িত্বগ্রহণ করে মানুষের সমস্যার সমাধান করা।
চাঁদপুর কণ্ঠ : নির্বাচনকেন্দ্রিক আপনার পরিকল্পনা কী? সমাজসেবামূলক কাজ কতোটুকু করেছেন বা করবেন? ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছেন তথা গণসংযোগ শুরু করেছেন?
মাজহারুল ইসলাম : আমার পরিকল্পনা হচ্ছে একটি জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গড়ে তোলা। আমি চাই ইউনিয়নের প্রতিটি মানুষ যেন তার ন্যায্য অধিকার সহজে পায়। আমি ইতোমধ্যে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবো। যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে কর্মমুখী ও শিক্ষামুখী সমাজ গঠনে কাজ করতে চাই। আমি ধীরে ধীরে সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ বাড়াচ্ছি, তাদের সমস্যাগুলো শুনছি এবং সমাধানের উপায় নিয়ে আলোচনা করছি।
চাঁদপুর কণ্ঠ : নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে হবে বলে আপনি আশাবাদী? নির্বাচনের সুষ্ঠুতার বিষয়ে আপনার কোনো পরামর্শ আছে কি?
মাজহারুল ইসলাম : আমি আশা করি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে এবং জনগণ তাদের ভোটাধিকার স্বাধীনভাবে প্রয়োগ করতে পারবে। একটি সুন্দর গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে প্রশাসন, নির্বাচন কমিশন, প্রার্থী ও সাধারণ জনগণ—সবারই দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। আমার পরামর্শ থাকবে—ভোটকেন্দ্রে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা, প্রভাবমুক্ত পরিবেশ বজায় রাখা এবং নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন করা।
চাঁদপুর কণ্ঠ : এলাকার উন্নয়নে আপনি ভোটারদের উদ্দেশে কোনো প্রতিশ্রুতি ব্যক্ত করতে চান?
মাজহারুল ইসলাম : আমি জনগণের কাছে কিছু বাস্তবসম্মত প্রতিশ্রুতি দিতে চাই :
ইউনিয়নের সকল সরকারি সেবা সহজ ও দুর্নীতিমুক্ত করা, যুব সমাজের কর্মসংস্থান ও প্রশিক্ষণের ব্যবস্থা করা, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা, অসহায় ও নিম্ন আয়ের মানুষের জন্যে মানবিক সহায়তা নিশ্চিত করা, মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া, ফ্রি-ইমারজেন্সি অ্যাম্বুলেন্স সেবা প্রতিষ্ঠা করা, নৌপথে দ্রুত ও নিরাপদ যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করা, সরকারি অর্থ ও সম্পদ শতভাগ সঠিকভাবে জনগণের হাতে পৌঁছানো, আকর্ষণীয় পর্যটন কেন্দ্র ও আধুনিক শিল্পাঞ্চল গড়ে তোলার মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা, রাস্তাঘাটের সমস্যা সসাধান ও ভাঙ্গন রোধে স্থায়ী ও কার্যকর ব্যবস্থা নেয়া।
চাঁদপুর কণ্ঠ : উপরোল্লিখিত প্রশ্নগুলোর বাইরে আপনার কোনো বক্তব্য থাকলে বলতে পারেন।
মাজহারুল ইসলাম : আমি বিশ্বাস করি রাজনীতি মানেই সহিংসতা নয়, রাজনীতি মানে মানুষের সেবা, ন্যায় প্রতিষ্ঠা এবং সমাজের উন্নয়ন। আমি চাই সততা, নৈতিকতা, বিশ্বাস ও ভালোবাসার মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নিতে। জনগণের দোয়া ও সহযোগিতা পেলে আমি একটি আধুনিক ও উন্নত ইউনিয়ন গঠনে সর্বোচ্চ চেষ্টা করবো, ইনশাআল্লাহ।
চাঁদপুর কণ্ঠ : আপনার সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরুন।
মাজহারুল ইসলাম : আমি মো. মাজহারুল ইসলাম। চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদী গ্রামের একজন সাধারণ মানুষ। ছোটবেলা থেকেই সমাজ ও মানুষের কল্যাণে কাজ করার স্বপ্ন দেখি। আমি বিশ্বাস করি, একজন জনপ্রতিনিধির সবচেয়ে বড়ো পরিচয় হলো সততা ও জনগণের প্রতি দায়বদ্ধতা। আমি প্রতিশ্রুতি নয়, কাজ দিয়ে প্রমাণ করতে চাই। আসুন, আমরা সবাই মিলে গড়ে তুলি একটি আধুনিক, সুন্দর ও দুর্নীতিমুক্ত বাগাদী ইউনিয়ন। আপনাদের ভালোবাসা ও সমর্থন কামনা করছি।
ডিসিকে/ এমজেডএইচ








