প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ২১:৩৫
চাঁদপুর পৌর ৫নং ওয়ার্ডে ভোটারদের সাথে নির্বাচন পরবর্তী সৌজন্য সাক্ষাৎ
আমি প্রতিশ্রুতি দিচ্ছি, দলমত নির্বিশেষে সকলের জন্যে কাজ করবো
-----শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক নির্বাচন-পরবর্তী ভোটারদের সাথে সাক্ষাতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর পৌর ৫নং ওয়ার্ডে ভোটারদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেছেন। শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) বাদ আসর থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় ঘুরে সাধারণ মানুষের সাথে মতবিনিময় ও কুশল বিনিময় করেন। এর আগে ৫নং ওয়ার্ডের মিজি বাড়ি সংলগ্ন রাস্তার বাউন্ডারি কাজ তিনি পরিদর্শন করেন এবং এলাকার মানুষের সাথে কথা বলেন।
|আরো খবর
শুক্রবার বাদ আসর ৫নং ওয়ার্ডের মিজি বাড়ির সামনে থেকে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি কর্মসূচি শুরু করেন। তিনি ভাঙ্গারপুল, রঘুনাথপুর বাজারসহ ওয়ার্ডের বিভিন্ন এলাকায় যান। তিনি দোকানপাট এবং বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের খোঁজখবর নেন এবং তাদের সুখ-দুঃখের কথা মনোযোগ দিয়ে শোনেন।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নবনির্বাচিত এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, আমি নির্বাচনের আগে যেমন আপনাদের পাশে ছিলাম, নির্বাচনের পরেও তেমন আছি। আপনারা আমাকে ভোট দিয়ে যে আস্থা রেখেছেন, সেটাই আমার সবচেয়ে বড়ো শক্তি। চাঁদপুর-৩ আসনের প্রতিটি গ্রাম ও মহল্লার উন্নয়নই আমার অগ্রাধিকার। জনগণের প্রত্যাশা পূরণে আমি প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করবো। কোনো অনিয়ম, দুর্নীতি বা জনভোগান্তি বরদাশত করা হবে না।
তিনি আরও বলেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি—দলমত নির্বিশেষে সকল মানুষের জন্যে কাজ করবো। আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন, আপনাদের সমস্যার সমাধানে সর্বোচ্চ চেষ্টা থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদসহ ওয়ার্ড বিএনপির সভাপতি/সাধারণ সম্পাদক ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।








