সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০১:১০

স্থানীয় সরকার নির্বাচন : সম্ভাব্য প্রার্থীর মুখোমুখি-৬

আমার লক্ষ্য—শাহরাস্তি উপজেলাকে একটি আধুনিক, উন্নত ও বসবাসযোগ্য এলাকায় পরিণত করা

-----------শাহরাস্তি উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. ছানাউর রহমান পাটোয়ারী

মো. মঈনুল ইসলাম কাজল
আমার লক্ষ্য—শাহরাস্তি উপজেলাকে একটি আধুনিক, উন্নত ও বসবাসযোগ্য এলাকায় পরিণত করা
ক্যাপশন :শাহরাস্তি উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. ছানাউর রহমান পাটোয়ারী।

বিএনপির রাজনীতিতে নিবেদিত প্রাণ, যিনি সবসময়ই নেতাকর্মীদের যে কোনো প্রয়োজনে পাশে দাঁড়িয়েছেন। 'মেশকাত' হিসেবে যিনি শাহরাস্তিতে সকলের পরিচিত মুখ। সামাজিক ভাবে কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। ছাত্র রাজনীতির মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের একজন মানুষ। এবার বৃহৎ পরিসরে নিজেকে মানব সেবায় নিয়োজিত করতে শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে প্রার্থী হওয়ার ইচ্ছে পোষণ করেছেন। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দৈনিক চাঁদপুর কণ্ঠের সম্ভাব্য প্রার্থীর মুখোমুখি হয়ে মো. ছানাউর রহমান পাটোয়ারী জানান, জনগণ যদি আমাকে চায়, তাহলেই আমি শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচনে অংশ নেবো। নিম্নে তাঁর সাক্ষাৎকার পাঠকের উদ্দেশ্যে তুলে ধরা হলো--

দৈনিক চাঁদপুর কণ্ঠ : প্রথমেই আপনার জীবনবৃত্তান্ত বলুন।
মো. ছানাউর রহমান পাটোয়ারী : আমি মো. ছানাউর রহমান পাটোয়ারী (মেশকাত)। আমার দু ছেলে ও এক মেয়ে। ছেলে দুজন ইঞ্জিনিয়ার। দু ছেলের বউ ডাক্তার। একজন সুইডেন ও একজন জাপানের সিটিজেন। আর মেয়ে ডাক্তারি ফোর্থ ইয়ারের ছাত্রী। আমি একজন সাধারণ পরিবারের সন্তান। আমি স্নাতক (বিএসসি অনার্স) ও স্নাতকোত্তর (এমএসসি) সম্পন্ন করেছি, যা আমাকে চিন্তায়, মূল্যবোধে এবং নেতৃত্বে আরও পরিপক্ব করেছে। ছোটবেলা থেকেই মানুষের সুখ-দুঃখ খুব কাছ থেকে দেখেছি এবং সেই অভিজ্ঞতা থেকেই সমাজের জন্যে কাজ করার অনুপ্রেরণা পেয়েছি। দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছি। আমার বিশ্বাস—মানুষের জন্যে কাজ করাই সবচেয়ে বড়ো পরিচয়।

দৈনিক চাঁদপুর কণ্ঠ : প্রার্থী হবার ইচ্ছা আপনি কবে থেকে পোষণ করছেন? অতীতে কি কখনও নির্বাচনে অংশ নিয়েছিলেন?
মো. ছানাউর রহমান পাটোয়ারী : জনগণের জন্যে কিছু করার ইচ্ছা আমার বহুদিনের। তবে উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার অনুপ্রেরণা আমি আরও দৃঢ়ভাবে পাই আমার দীর্ঘ নেতৃত্বের অভিজ্ঞতা থেকে। আমি এফবিসিসিআই-এর অধীনে বিপিএ-এর সভাপতি হিসেবে পরপর তিনবার দায়িত্ব পালন করেছি, এছাড়া এফবিসিসিআই-এর কো-চেয়ারম্যান এবং জেনারেল বডি (জিবি) ও বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)-এর সম্মানিত সদস্য হিসেবেও কাজ করার সুযোগ পেয়েছি। এই দায়িত্বগুলো পালন করতে গিয়ে আমি বুঝেছি—নেতৃত্ব মানে শুধু একটি সংগঠন নয়, বরং বৃহত্তর জনগোষ্ঠীর কল্যাণে কাজ করা। যদিও আমি ব্যবসায়িক সংগঠনের সাথে যুক্ত ছিলাম, তবে এর আগে কোনো সরাসরি রাজনৈতিক নির্বাচনে অংশগ্রহণ করিনি। এবার আমি সরাসরি জনগণের প্রতিনিধি হয়ে কাজ করতে চাই।

দৈনিক চাঁদপুর কণ্ঠ : আপনি কি দলীয় সমর্থন চান, না নির্দলীয়ভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন?
মো. ছানাউর রহমান পাটোয়ারী : আমি ছাত্র জীবন থেকে বিএনপির রাজনীতির সাথে যুক্ত রয়েছি। তাই দলীয় সমর্থন পেলে সেটি আমার জন্যে অবশ্যই গর্ব ও সম্মানের বিষয় হবে। তবে আমি বিশ্বাস করি—সবচেয়ে বড়ো শক্তি হলো জনগণের সমর্থন। দলীয় পরিচয়ের পাশাপাশি আমি একজন জনমানুষের প্রার্থী হিসেবেই আপনাদের সামনে দাঁড়াতে চাই।

দৈনিক চাঁদপুর কণ্ঠ : জনপ্রিয়তা যাচাই, না বিজয়ের লক্ষ্য আপনি নির্বাচনে অংশ নেবেন?
মো. ছানাউর রহমান পাটোয়ারী : আমি শুধুমাত্র পরিচিতি লাভের জন্যে নির্বাচনে যাচ্ছি না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমি জয়ী হতে পারবো। কারণ, আমি মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকবো। এই নির্বাচন আমার কাছে একটি দায়িত্ব, একটি অঙ্গীকার—উন্নয়নের জন্যে, মানুষের জন্যে।

দৈনিক চাঁদপুর কণ্ঠ : নির্বাচনকেন্দ্রিক আপনার পরিকল্পনা ও সমাজসেবায় কী অবদান রাখতে পারবেন বলে মনে করেন?
মো. ছানাউর রহমান পাটোয়ারী : আমি ইতোমধ্যে বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছি এবং মানুষের সমস্যা সরাসরি শুনছি। আমার পরিকল্পনা হলো : প্রতিটি ইউনিয়নে সমান উন্নয়ন নিশ্চিত করা, শিক্ষার মান উন্নয়ন, যুবকদের জন্যে কর্মসংস্থান সৃষ্টি ও স্বাস্থ্যসেবার সহজলভ্যতা। সমাজসেবামূলক কাজ আমি আগে থেকেই করে আসছি এবং নির্বাচনের পর তা আরও বিস্তৃত করবো।

দৈনিক চাঁদপুর কণ্ঠ : নির্বাচন সুষ্ঠু হবে বলে কি আপনি আশাবাদী? কোনো পরামর্শ?
মো. ছানাউর রহমান পাটোয়ারী : আমি বিশ্বাস করি, বর্তমান সরকারের অধীনে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে—এটাই জনগণের প্রত্যাশা। নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সবাই যদি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেন, তাহলে জনগণ তাদের প্রকৃত প্রতিনিধি নির্বাচন করতে পারবে। আমার পরামর্শ—প্রতিটি কেন্দ্রে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

দৈনিক চাঁদপুর কণ্ঠ : এলাকার উন্নয়নে আপনার প্রতিশ্রুতি কী কী?
মো. ছানাউর রহমান পাটোয়ারী : আমি প্রতিশ্রুতি দিচ্ছি— দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলবো, গ্রামীণ রাস্তাঘাট ও অবকাঠামোর উন্নয়ন করবো, কৃষকদের জন্যে সহায়তা বৃদ্ধি করবো, নারীদের ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিত করবো, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন করে সাধারণ মানুষের কাছে তার সুফল পৌঁছে দেবো। আমার লক্ষ্য—উপজেলাকে একটি আধুনিক ও উন্নত এলাকায় পরিণত করা।

দৈনিক চাঁদপুর কণ্ঠ : জনগণের উদ্দেশ্যে আপনার বক্তব্য কী?
মো. ছানাউর রহমান পাটোয়ারী : রাজনীতি আমার কাছে শুধু একটি প্ল্যাটফর্ম নয়, বরং মানুষের সেবা করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আমি বিশ্বাস করি, সৎ উদ্দেশ্য ও আন্তরিকতা থাকলে রাজনীতির মাধ্যমেই সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। আমি সেই পরিবর্তনের অংশ হতে চাই—আপনাদের ভালোবাসা ও সমর্থন নিয়ে, আপনাদের সাথেই।

দৈনিক চাঁদপুর কণ্ঠ : আপনার সংক্ষিপ্ত পরিচিতি কী?
মো. ছানাউর রহমান পাটোয়ারী : আমি আপনারই এলাকার একজন সন্তান, দীর্ঘদিন ধরে ব্যবসা, নেতৃত্ব ও সমাজসেবার সাথে যুক্ত থেকে আমি মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি। সৎ, পরিশ্রমী ও জনগণের কল্যাণে নিবেদিত একজন মানুষ হিসেবে আমি আপনাদের সামনে নিজেকে উপস্থাপন করছি।

ডিসিকে/ এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়