প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৭
শেষ সময়ের প্রচারণায় ব্যাপক গণসংযোগ
চরাঞ্চলবাসীর জীবনমান উন্নয়ন ও নিরাপদ চাঁদপুর গড়তে মোমবাতি মার্কায় ভোট দিন
------- মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ

শেষ সময়ের প্রচারণা এবং গণসংযোগে নির্বাচনী মাঠ সরগরম রেখেছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী সাংবাদিক মাওলানা এএইচএম আহসান উল্লাহ। রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬) ও সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) তিনি হাইমচর উপজেলা এবং চাঁদপুর সদর উপজেলার বাগাদী, বালিয়া, চান্দ্রা, শাহমাহমুদপুর ও চাঁদপুর পৌরসভার বেশ ক'টি ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা করেন। তিনটি পিক-আপে করে দলের নেতা-কর্মীদের সাথে নিয়ে রোড শোর মাধ্যমে তিনি এসব এলাকায় গণসংযোগ করেন। প্রার্থী আহসান উল্লাহ নিজেই এতে নেতৃত্ব দেন। সার্বিক দিকনির্দেশনায় ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ হুমায়ুন কবিরসহ আহলে সুন্নাত ওয়াল জামাআত, ইসলামী ফ্রন্ট, ছাত্রসেনা ও যুবসেনার নেতৃবৃন্দ। গণসংযোগকালে তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, চাঁদপুরকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত একটি বাসযোগ্য নিরাপদ জনপদ হিসেবে গড়তে চাই। আর সদর এবং হাইমচরের চরাঞ্চলের মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে চাই। যেখানে অবহেলিত এই জনপদের মানুষগুলোর চিকিৎসা, শিক্ষা এবং যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে। চরের মানুষগুলো নিজেদের এলাকায়ই চিকিৎসার ব্যবস্থা এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা গ্রহণের সুযোগ পাবে। যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করা হবে। জনগণের সেবক হিসেবে এসব কাজ করার জন্যে তিনি চাঁদপুর সদর ও হাইমচরবাসীকে মোমবাতি মার্কায় ভোট দেয়ার জন্যে অনুরোধ জানান। তিনি বলেন, আমি কথা দিচ্ছি আমার দ্বারা কারো হক নষ্ট হবে না, অধিকার ক্ষুণ্ণ হবে না, কোনো নাগরিক আমার দ্বারা অসম্মানিত হবে না। আমি জনগণের সেবক হয়ে থাকতে চাই।








