বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:০৮

চাঁদপুর-২ আসনে প্রচারণায় ব্যস্ত ধানের শীষের প্রার্থী ড. জালাল উদ্দিন

মাহবুব আলম লাভলু
চাঁদপুর-২ আসনে প্রচারণায় ব্যস্ত ধানের শীষের প্রার্থী ড. জালাল উদ্দিন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনে ধানের শীষ প্রতীকের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন। তিনি মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে গণসংযোগ, ভোটার ও নেতাকর্মীর সঙ্গে মতবিনিময় এবং পথসভায় বক্তব্য রাখছেন। তিনি বিএনপিকে ভোটাররা কেনো ভোট দেবেন সেই কর্মকাণ্ড তুলে ধরে ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন কামনা করছেন।

প্রতিদিনের মতো তিনি মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার বিভিন্ন এলাকায় দিনব্যাপী গণসংযোগ ও প্রচারণা কর্মসূচি পালন করেন। এ সময় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, তরুণ ভোটারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের কাছে ধানের শীষের পক্ষে ভোট চান। ড. মোহাম্মদ জালাল উদ্দিন প্রচারণাকালে বলেন, এদেশে ছাত্র-গণঅভ্যুত্থানে শত শত মানুষ শহীদ হয়েছে, রাজপথে রক্ত দিয়েছে। তাদের আকাঙ্ক্ষা ছিলো একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ ও একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার।তিনি বলেন, স্বাধীনতা সার্বভৌমত্বকে সুরক্ষিত রাখতে হবে। এদেশে গণতন্ত্র বিলুপ্ত হয়ে গিয়েছিলো। বিলুপ্ত গণতন্ত্রকে বারে বারে বিএনপির নেতৃত্বে পুনরুদ্ধার করা হয়েছে। এই গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ও শহীদের আকাঙ্ক্ষা পূরণের দেশ গড়তে ধানের শীষে ভোট দিন।

তিনি বলেন, মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার প্রত্যাশা নিয়েই আমরা মাঠে কাজ করছি। আমি ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি। ভোটাররা ধানের শীষে ভোট দিতে উদগ্রীব হয়ে আছে। ড. মোহাম্মদ জালাল উদ্দিন জানান, এ আসন থেকে যারা বিএনপির মনোনয়ন চেয়েছিলেন তাঁরা সবাই ধানের শীষকে বিজয়ী করার জন্যে কাজ করছেন। বিএনপির তৃণমূল সংগঠন অত্যন্ত শক্তিশালী ও সক্রিয়। নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন এবং ভোটারদের ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলছেন। আল্লাহর রহমতে আমরা বিজয়ী হবো। চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৫ লাখ ১ হাজার ৬১ জন ভোটার তাদেরকে ভোট প্রদানের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচন করবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়