প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৮
এসবি খালে জেলা পরিষদের খ্বুই জনবান্ধব প্রকল্প

সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) চাঁদপুর জেলা পরিষদের অর্থায়নে চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোড ও মেথা রোডের সংযোগস্থলে এসবি খালের উপর ডাবল ভেল্ট আরসিসি বক্স কালভার্ট নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কবির হোসেন সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ। এ কালভার্টের নির্মাণ কাজ শেষ হলে উপরোল্লিখিত দুটি সড়কের সংযোগস্থলের যানজট নিরসন হবে বলে আশা করা যাচ্ছে।
চাঁদপুর শহরে পৌরসভার অর্থায়নে কিংবা পৌরসভার মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দিষ্ট প্রকল্পের আওতায় ছোট-বড় উন্নয়নমূলক কাজগুলো হয়ে থাকে-এটাই সাধারণ দৃশ্যপট। তার বাইরে জেলা পরিষদের পক্ষ থেকে কাজ করার সুযোগ থাকে। বস্তুত সে সুযোগটাই চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে চাঁদপুরের বর্তমান জেলা প্রশাসক কাজে লাগিয়েছেন। তিনি প্রতিদিন কবি নজরুল সড়কস্থ তাঁর বাংলো থেকে তাঁর ষোলঘরস্থ কার্যালয়ে যাতায়াতে মেথা রোড ও জেএম সেনগুপ্ত রোডের সংযোগস্থলে এসবি খালের ওপর অবস্থিত সঙ্কীর্ণ কালভার্টটি ব্যবহার করতে হয়। তখন তিনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে, এ কালভার্টটি দিয়ে একটি বড়ো গাড়ি পার হতে গেলে বিপরীতমুখী যানবাহনগুলোকে দাঁড়িয়ে অপেক্ষা করতে
হয়, যাতে যানজট তৈরি হয় এবং তীব্র জনভোগান্তি সৃষ্টি হয়। এ ভোগান্তি নিরসনে এসবি (শ্রীরামদী-বিষ্ণুদী) খালের ওপর প্রশস্ত কালভার্ট নির্মাণের বিকল্প নেই। সেজন্যে পৌরসভার অসামর্থ্যে তিনি জেলা পরিষদের মাধ্যমে প্রশস্ত কালভার্ট নির্মাণের উদ্যোগ নিয়েছেন বলে আমাদের ধারণা। আমাদের এ ধারণা অনুযায়ী কিংবা অন্য যেভাবেই এখানে কালভার্টটি নির্মাণে জেলা পরিষদ প্রকল্প বাস্তবায়ন করুক না কেনো, এটি যে খুবই জনবান্ধব প্রকল্প সেটি হলফ করেই বলা যায়। এজন্যে জেলা পরিষদের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কবির হোসেন সরদারসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাতেই হয়।




