প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ০৮:২৯
আক্কাছ আলী রেলওয়ে একাডেমি সরকারিকরণের পর্যাপ্ত যৌক্তিকতা আছে

একটি শিক্ষাপ্রতিষ্ঠান কেবল শিক্ষার আলো ছড়ায় না, কখনো কখনো একটি জনপদের সামাজিক পরিবর্তন, মানবিক মূল্যবোধ ও ভবিষ্যৎ নির্মাণেরও গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে ওঠে। চঁাদপুর শহরের ৭৪ বছরের ঐতিহ্যবাহী আক্কাছ আলী রেলওয়ে একাডেমি তেমনই একটি প্রতিষ্ঠান। ১৯৫২ সালে ভাষা আন্দোলনের উত্তাল সময়ে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের সন্তানদের শিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে মোহাম্মদ আক্কাছ আলী ও তঁার সহধর্মিণী সেতারা বেগম যে মহৎ উদ্যোগ নিয়েছিলেন, তা আজও এ অঞ্চলের শিক্ষার অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সময়ের বাস্তবতায় প্রতিষ্ঠানটির সরকারিকরণের দাবি তাই নিছক কোনো আবেগের বিষয় নয়, এর পেছনে রয়েছে সুস্পষ্ট সামাজিক, মানবিক ও শিক্ষাগত যৌক্তিকতা।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, বিদ্যালয়টি এমন একটি ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত, যেখানে বসবাসকারী মানুষের বড় একটি অংশ শ্রমজীবী, নিম্নআয়ের এবং নদীভাঙনে ক্ষতিগ্রস্ত। মাছঘাট, রেলওয়ে বড় স্টেশন, নদীবন্দর, স্টিমার ও লঞ্চঘাটকেন্দ্রিক এই জনপদের অনেক পরিবারের সন্তানদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এখনো একটি বড় চ্যালেঞ্জ। প্রায় ৫০০ শিক্ষার্থীর এই প্রতিষ্ঠানের সরকারিকরণ হলে দরিদ্র পরিবারের সন্তানদের শিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত হবে, শিক্ষাব্যয়জনিত চাপ কমবে এবং ঝরে পড়ার প্রবণতা রোধে ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে শিক্ষকদের আর্থিক ও প্রাতিষ্ঠানিক নিরাপত্তা এবং শিক্ষার মানোন্নয়নের ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি হবে।
আক্কাছ আলী ও সেতারা বেগমের আত্মত্যাগের ইতিহাসও প্রতিষ্ঠানটির সরকারিকরণের দাবিকে বিশেষ মর্যাদা দিয়েছে। নিজেদের স্থাবর-অস্থাবর সম্পত্তি শিক্ষার কল্যাণে উৎসর্গ করে তঁারা যে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা বিরল। তঁাদের সেই মহান উদ্যোগকে যথাযথ সম্মান জানানো এবং এর সুফল আগামী প্রজন্মের কাছে পেঁৗছে দেওয়া রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়িত্বেরই অংশ। একটি মহৎ ব্যক্তিগত উদ্যোগকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আরও বিস্তৃত করার মধ্য দিয়ে প্রতিষ্ঠাতাদের স্বপ্নের প্রকৃত ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব।
এ ক্ষেত্রে চঁাদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের আন্তরিকতা, নিখাদ সদিচ্ছা ও উদ্যোগ বিশেষভাবে উল্লেখযোগ্য। বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে তঁার উদ্যোগে চারতলা ভবন নির্মাণ, সীমানাপ্রাচীর ও গেট নির্মাণের কাজ এগিয়ে চলেছে। তবে তঁার ভূমিকা কেবল অবকাঠামোগত উন্নয়নেই সীমাবদ্ধ না থেকে প্রতিষ্ঠানটির সরকারিকরণের দাবির বাস্তবায়নেও কার্যকর ভূমিকা রাখবেÑএমন প্রত্যাশা শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর। একটি পিছিয়ে পড়া জনপদের শিক্ষার উন্নয়নে তঁার এই আন্তরিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। এখন প্রয়োজন সংশ্লিষ্ট পর্যায়ে বিষয়টি এগিয়ে নিতে তঁার ধারাবাহিক সহযোগিতা ও কার্যকর ভূমিকা।
একই সঙ্গে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা বিভাগের সর্বাত্মক সহযোগিতা এ উদ্যোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যালয়ের ইতিহাস, জমি ও সম্পত্তিসংক্রান্ত দলিল, শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষার পরিবেশ, অবকাঠামো এবং আর্থসামাজিক প্রেক্ষাপট যথাযথভাবে যাচাই করে সরকারিকরণের প্রয়োজনীয় প্রস্তাব ও নথিপত্র প্রস্তুতে সংশ্লিষ্ট প্রশাসন ও শিক্ষা বিভাগের সক্রিয় ভূমিকা প্রত্যাশিত। সংসদ সদস্যের আন্তরিক উদ্যোগের সঙ্গে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা বিভাগের সমন্বিত সহযোগিতা যুক্ত হলে সরকারিকরণের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি হতে পারে।
আমরা মনে করি, আক্কাছ আলী রেলওয়ে একাডেমির সরকারিকরণের দাবি বিবেচনার ক্ষেত্রে শুধু প্রতিষ্ঠানের বয়স বা ঐতিহ্য নয়, বরং এর অবস্থান, শিক্ষার্থীদের আর্থসামাজিক অবস্থা, এলাকার শিক্ষার চাহিদা এবং প্রতিষ্ঠাতাদের অসামান্য অবদানকে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। অবশ্যই প্রচলিত সরকারি নীতিমালা ও নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণের বিষয়টি নিশ্চিত করতে হবে। তবে এসব বিবেচনায় প্রতিষ্ঠানটি সরকারিকরণের জন্য অগ্রাধিকার পাওয়ার যথেষ্ট যৌক্তিকতা রাখে।
১৯৫২ সালে যে মানবিক স্বপ্নের বীজ বপন করেছিলেন আক্কাছ আলী ও সেতারা বেগম, ৭৪ বছর পর সেই স্বপ্নকে আরও বিস্তৃত করার সময় এসেছে। এটি শুধু একটি বিদ্যালয়কে সরকারিকরণের দাবি নয়; এটি একটি দরিদ্র জনপদের শিক্ষার অধিকার প্রতিষ্ঠা, একটি মহৎ আত্মত্যাগের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সমান সুযোগ সৃষ্টির প্রত্যাশা। আমরা আশা করি, সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের আন্তরিক উদ্যোগ, জেলা প্রশাসন ও জেলা শিক্ষা বিভাগের সর্বাত্মক সহযোগিতা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ইতিবাচক বিবেচনায় আক্কাছ আলী রেলওয়ে একাডেমির সরকারিকরণের দাবি যথাযথ গুরুত্ব পাবে। প্রতিষ্ঠাতাদের স্বপ্নের প্রতি সম্মান জানিয়ে প্রতিষ্ঠানটির শিক্ষার আলো আরও বহুদূর ছড়িয়ে পড়ুকÑএটাই সময়ের দাবি।






