প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ২১:১১
সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে কাউকে ছাড় দেওয়া হবে না
----শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেছেন, দেশে অস্থিতিশীলতা ও নাশকতা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। যে কোনো মূল্যে চাঁদপুরে সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করার ঘোষণা দিয়ে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন, "চাঁদপুরে চলমান সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে আমার আপন ভাই হলেও কোনো ছাড় দেওয়া হবে না।"
|আরো খবর
বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) দুপুরে চাঁদপুর শহরের মনিরা ভবনে সদর উপজেলার ১৪টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা প্রতিরোধ, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে এ সভাটি আয়োজন করা হয়।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি বলেন, দেশের চলমান স্থিতিশীলতা নষ্ট করতে একটি মহল ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আওয়ামী সন্ত্রাসীদের যে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড থেকে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে থাকার নির্দেশ দেন তিনি।
মতবিনিময় সভায় জেলা, পৌর ও সদর উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, ডিএম শাহজাহান, সাংগঠনিক সম্পাদক মনির চৌধুরী এবং অ্যাডভোকেট শামসুল ইসলাম মন্টু। এ ছাড়া সভায় আরো উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. হারুনুর রশিদ, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন ও সাধারণ সম্পাদক হযরত আলী ঢালীসহ ১৪টি ইউনিয়নের বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বর্তমান পরিস্থিতিতে তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করার এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।








