বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ১৭:৪৫

চাঁদপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ৩১, আহত ৩৩১

গেজেটভুক্ত হতে বঞ্চিত আহতদের আবেদন করার আহ্বান জেলা প্রশাসকের

আব্দুল্লাহ আল মামুন।।
চাঁদপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ৩১, আহত ৩৩১

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে চাঁদপুর জেলায় ৩১ জন শহীদ এবং ৩৩১ জন আহত হয়েছেন। জেলা প্রশাসনের সংরক্ষিত পরিসংখ্যান অনুযায়ী, আহতদের মধ্যে ‘ক’ শ্রেণিতে ২১ জন, ‘খ’ শ্রেণিতে ৪২ জন এবং ‘গ’ শ্রেণিতে রয়েছে ২৬৮ জন। তবে আন্দোলনে অংশগ্রহণ করে আহত হওয়ার পরও যাঁরা এখনো ‘জুলাই যোদ্ধা’ হিসেবে গেজেটভুক্ত হতে পারেননি, তাঁদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, উপজেলাভিত্তিক পরিসংখ্যানে চাঁদপুর সদরে শহীদ ৯ জন, আহত ৯২ জন; ফরিদগঞ্জে শহীদ ৩ জন, আহত ৫২ জন; হাজীগঞ্জে শহীদ ৪ জন, আহত ৫৫ জন; কচুয়ায় শহীদ ৩ জন, আহত ২৬ জন; মতলব উত্তরে শহীদ ৭ জন, আহত ৩৪ জন এবং মতলব দক্ষিণে শহীদ ৫ জন, আহত ১৯ জন। এ ছাড়া শাহরাস্তি উপজেলায় আহত হয়েছেন ২৭ জন এবং হাইমচরে আহত হয়েছেন ২৬ জন। এ দুই উপজেলায় শহীদের সংখ্যা শূন্য।

এদিকে জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়েও গেজেটভুক্ত হতে না পারা ব্যক্তিদের তালিকাভুক্তির জন্য আবেদন আহ্বান করে গত ১৫ নভেম্বর ২০২৬ তারিখে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহণ করে আহত হয়ে চিকিৎসা গ্রহণ করেছেন অথবা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন, কিন্তু ‘জুলাই যোদ্ধা’ হিসেবে গেজেটভুক্ত হননি—এমন ব্যক্তিদের নাম তালিকাভুক্তির জন্য আবেদন করতে হবে।

আহত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন, স্থায়ী ও বর্তমান ঠিকানা এবং আহত হওয়ার পক্ষে উপযুক্ত প্রমাণকসহ সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয় অথবা জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরে সরাসরি আবেদন করার সুযোগ রয়েছে। প্রাপ্ত আবেদনগুলো যাচাই-বাছাই শেষে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরে পাঠানো হবে।

এ বিষয়ে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান জানান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রকৃত সংখ্যার বিষয়ে এবং জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেও যাঁরা গেজেটভুক্ত হতে পারেননি, তাঁদের নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করার জন্য বলা হয়েছে। ইতোমধ্যে বেশ কিছু আবেদন জেলা প্রশাসনের কাছে এসেছে।

তিনি আরও বলেন, “যাঁরা জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু এখনো আবেদন করেননি, তাঁদের আবেদন করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা আবেদনগুলো যাচাই-বাছাই করে পরবর্তী সময়ে মন্ত্রণালয়ে পাঠাব।”

জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী আহতদের প্রকৃত তথ্য ও পরিচয় নিশ্চিত করে রাষ্ট্রীয় স্বীকৃতির আওতায় আনতে জেলা প্রশাসনের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়