প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ২২:৩৩
কয়েক দশকের চলাচলের পথ কাঁটাতারের বেড়ায় বন্ধ!
অবরুদ্ধ অর্ধশত পরিবার, প্রশাসনের দ্বারস্থ হয়েও মিলছে না প্রতিকার

চলাচলের কয়েক দশকের পুরোনো পথ হঠাৎ কাঁটাতারের বেড়ায় অবরুদ্ধ হয়ে পড়েছে। এতে বাড়ি থেকে বের হওয়া এবং নির্মাণসামগ্রী আনা-নেওয়াসহ দৈনন্দিন চলাচলে চরম দুর্ভোগে পড়েছেন ফরিদগঞ্জ উপজেলার ৮ নম্বর পাইকপাড়া ইউনিয়নের দায়চারা গ্রামের পাটওয়ারী বাড়ির প্রায় অর্ধশত পরিবার। সরকারি রাস্তার পাশের চলাচলের পথে কাঁটাতারের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে স্থানীয় আলী আশরাফ প্রকাশ শিমুলের বিরুদ্ধে। প্রতিকার চেয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েও এখন পর্যন্ত ভোগান্তি থেকে মুক্তি মেলেনি ভুক্তভোগী পরিবারগুলোর।
|আরো খবর
স্থানীয় সূত্রে জানা যায়, দায়চারা মৌজার ৪ নম্বর খতিয়ানের ১৯২ নম্বর দাগটি রাস্তা হিসেবে পাইকপাড়া (দক্ষিণ) ইউনিয়ন পরিষদের নামে বিএস রেকর্ডভুক্ত। এই সরকারি রাস্তার পূর্বপাশে পাটওয়ারী বাড়ির বাসিন্দাদের চলাচলের পথ ও ব্যক্তিগত সম্পত্তি রয়েছে। সম্প্রতি বাড়ি নির্মাণের জন্য মালামাল এনে কাজ শুরু করেন পাটওয়ারী বাড়ির লোকজন। অভিযোগ রয়েছে, এ সময় স্থানীয় আলী আশরাফ প্রকাশ শিমুল জোরপূর্বক রাস্তার মাটি কেটে সেখানে কাঁটাতারের বেড়া দিয়ে চলাচলের পথে বাধা সৃষ্টি করেন।
এ ঘটনায় প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারের (ভূমি) কাছে লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী পরিবারগুলো। অভিযোগের প্রেক্ষিতে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা শাহাদাত হোসেন এবং উপজেলা ভূমি অফিসের কানুনগো মো. কাজল মিয়া সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে সহকারী কমিশনার (ভূমি) বরাবর প্রতিবেদন দাখিল করেন।
ভূমি কর্মকর্তাদের দাখিল করা প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাদীপক্ষের মালিকানাধীন জমির দাগ নম্বর ১৯১ এবং বিবাদীপক্ষের মালিকানাধীন জমির দাগ নম্বর ১৯৫। উভয় পক্ষের জমির মাঝখান দিয়ে ১৯২ নম্বর দাগে সরকারি রাস্তা রয়েছে।
সরেজমিনে তদন্তে দেখা যায়, সরকারি রাস্তার পশ্চিম পাশে বিবাদীর মালিকানাধীন জমি থাকলেও তিনি তা অতিক্রম করে রাস্তার পূর্বপাশে—অর্থাৎ বাদীপক্ষের অংশে কাঁটাতারের বেড়া দিয়ে যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন।
এদিকে ভূমি অফিস থেকে একাধিকবার শুনানির নোটিশ পাঠানো হলেও অভিযুক্ত আলী আশরাফ শিমুল উপস্থিত হননি বলে জানা গেছে। পরবর্তীতে গত ১১ নভেম্বর তিনি নিজেই চাঁদপুর দেওয়ানি আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞার মামলা দায়ের করেন।
মামলার তফসিলে উত্তরে সিরাজুল ইসলাম গং, দক্ষিণে দায়চারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্বে রাস্তা এবং পশ্চিমে কলিম উল্যা ও বাসার পাটওয়ারী গংয়ের কথা উল্লেখ করা হলেও রাস্তার পূর্বপাশের জমির বিষয়টি সেখানে এড়িয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসীর প্রশ্ন, নিজের মালিকানাধীন জমি বাদ দিয়ে সরকারি রাস্তা অতিক্রম করে অন্যের চলাচলের পথে কেন কাঁটাতারের বেড়া দেওয়া হলো?
ঘটনাটি নিয়ে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। তবে অভিযুক্ত আলী আশরাফ শিমুলের ভয়ে স্থানীয় অনেকেই গণমাধ্যমের সামনে কথা বলতে সাহস পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে। এমনকি অভিযুক্তের আপন ভাই বকুল গণমাধ্যমকে বলেন, ‘বেড়ার বিষয়ে ভাইয়ের নিষেধাজ্ঞা রয়েছে, আমি কিছু বলতে পারবো না।’
এ বিষয়ে মুঠোফোনে অভিযুক্ত আলী আশরাফ শিমুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আদালতের নিষেধাজ্ঞা আছে, আপনারা পারলে নিউজ করেন।'’ তবে নিজের সম্পত্তি বাদ দিয়ে সরকারি রাস্তার অপরপাশে মানুষের চলাচলের পথে কেন বেড়া দেওয়া হয়েছে—এমন প্রশ্নের জবাবে তিনি কোনো সদুত্তর না দিয়ে বলেন, "আদালতের কাছে জিজ্ঞেস করেন।"
এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান বলেন, "আমি ১-২ দিনের মধ্যে সরেজমিন পরিদর্শনে গিয়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।"








