প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ১৩:৪৫
ইতালিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ইতালিতে যথাযথ মর্যাদায় এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত হয়েছে। গত শনিবার (৭ নভেম্বর ২০২৬) স্থানীয় সময় সকাল ১১টায় বাংলাদেশ দূতাবাস কার্যালয়ে এ দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দিনের কার্যক্রমের সূচনা হয়। এরপর দূতালয় প্রধান মারজুক রাসেল রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন।
আলোচনা সভায় শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রাজনৈতিক অবদান এবং দেশের কল্যাণে তাঁর আত্মত্যাগের কথা স্মরণ করা হয়। পাশাপাশি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। এছাড়া বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
দূতাবাসের প্রথম সচিব (শ্রম ও কল্যাণ) আসিফ আনাম সিদ্দিকী অনুষ্ঠানটি পরিচালনা করেন। এতে বক্তব্য রাখেন ইতালি জনতা এক্সচেঞ্জের প্রধান শাহাদাত হোসেন, ইতালি বিএনপির সাবেক নির্বাচিত সভাপতি তাইফুর রহমান ছোটন, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আনিমুর রহমান সালাম, সাবেক সহ-সভাপতি সৈয়দ মইনুল আলম প্রমুখ। এছাড়া ইতালি বিএনপি, যুবদল, মহানগর বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর আল আমিন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন।
সরকারি চাকরিজীবীদের আইন ও নিয়মের পরিধি : অনুষ্ঠানের সমাপনী পর্বে দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স রিয়াদ হোসেন উপস্থিত সবার উদ্দেশ্যে বক্তব্য দেন। তিনি বলেন, “আমাদের সরকারি চাকরিজীবীদের নির্দিষ্ট নিয়ম ও কাঠামোর মধ্যে চলতে হয়। তাই আমরা নিয়মবহির্ভূত কোনো কাজ করতে পারি না। দূতাবাসকে সরকারি নিয়ম মেনেই পরিচালনা করতে হয়। আমাদের কিছু প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা রয়েছে, যা আমাদের সহকর্মী আসিফ আনাম সিদ্দিকী আগেই উল্লেখ করেছেন।”
তিনি প্রবাসীদের অনুরোধ জানিয়ে বলেন, “সরকারি অফিসে এসে সেবা নিতে আসুন, কাউকে তার রাজনৈতিক পরিচয় জিজ্ঞেস করবেন না। বর্তমান সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী ও কার্যকর করতে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ কোনো ব্যর্থ রাষ্ট্র নয়, বরং একটি সফল রাষ্ট্র—এটি আমাদের সকলের অনুধাবন করা দরকার।”
এক ইতালি বিএনপি নেতার প্রশ্নের জবাবে চার্জ দ্য অ্যাফেয়ার্স রিয়াদ হোসেন স্পষ্ট করে বলেন, “সরকারি কর্মকর্তারা সরাসরি দলীয় রাজনীতি করেন না, তবে তারা রাজনৈতিকভাবে সচেতন। তারা রাজনীতি বিশ্লেষণ করেন, দেশ নিয়ে ভাবেন এবং মূল লক্ষ্য একটাই—বাংলাদেশের কল্যাণ। এই দেশ গড়ার শপথ নিয়েই আমরা চাকরিতে যোগদান করেছি।”
মিয়ানমার ও উত্তর কোরিয়ার উদাহরণ টেনে তিনি আরও বলেন, “আমাদের দেশের ইতিহাসে ১৯৭১, ১৯৭৫, ১৯৯০ এবং সর্বশেষ ২০২৪ সালের মতো বড় রাজনৈতিক বাঁকবদল ঘটেছে। বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে পারত, কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শী ভূমিকার কারণে তা হয়নি।”
সবশেষে একটি সুন্দর ও সুশৃঙ্খল অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য বিপ্লবী সংগ্রাম ও জীবনের বিভিন্ন দিক তুলে ধরে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন রিয়াদ হোসেন।





