বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ১৪:২৮

প্রবীণ রাজনীতিবিদ তপন বকসীর প্রয়াণে চান্দিনায় শোকের ছায়া

প্রবীণ রাজনীতিবিদ তপন বকসীর প্রয়াণে চান্দিনায় শোকের ছায়া
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে

কুমিল্লার চান্দিনার প্রবীণ রাজনীতিবিদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী (৭৩) আর নেই। বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) সকাল ৮টায় কুমিল্লার মুন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দু মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর আকস্মিক প্রয়াণে চান্দিনার রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল শনিবার (২২ আগস্ট ২০২৬) দুপুর ৩টায় চান্দিনার পারিবারিক শ্মশানে তাঁর শেষকৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ভাতিজি জামাই সুজন চন্দ্র সরকার।

তপন বকসী চান্দিনার হারং বকসী বাড়ির প্রয়াত বিধুভূষণ বকসীর ছেলে। তিনি চান্দিনা পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৯৭০ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। অসাম্প্রদায়িক চেতনার এই রাজনীতিক দীর্ঘ পথচলায় চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কুমিল্লা জেলা শাখার সভাপতি হিসেবে ধর্মীয় ও সামাজিক উন্নয়নমূলক নানা কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রেখেছেন।

একজন সদালাপী, সমাজমনস্ক ও অসামান্য জনসম্পৃক্ত ব্যক্তিত্ব হিসেবে রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে মানুষের আস্থা অর্জন করেছিলেন তপন বকসী। তাঁর প্রয়াণে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়