প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ২০:১৭
শ্রীনগর-দোহার সড়কে বেপরোয়া ট্রাকের ধাক্কায় কুরিয়ার ভ্যান দুমড়েমুচড়ে আহত ১

মুন্সীগঞ্জের শ্রীনগর-ঢাকা-দোহার সড়কে একটি ট্রাকের বেপরোয়া গতি কেড়ে নিতে বসেছিল এক কুরিয়ার সার্ভিস কর্মীর প্রাণ। আজ রোববার (১৫ মার্চ) দুপুর আনুমানিক ১:৩০ মিনিটের দিকে উপজেলার বাঘড়া ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন তালুকদার বাড়ি মোড়ে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে কুরিয়ার সার্ভিসের ভ্যানচালক খোকন (৪০) গুরুতর আহত হয়েছেন।
|আরো খবর
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে দোহার থেকে শ্রীনগরগামী একটি দ্রুতগতির ট্রাক (ঢাকা মেট্রো-ট...) উল্টো পথে বেপরোয়া গতিতে এসে সামনে থাকা কুরিয়ার সার্ভিসের ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় ভ্যানটির সামনের অংশ সম্পূর্ণ চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। এসময় ভ্যানচালক খোকন ভেতরে আটকা পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠায়। উত্তেজিত জনতা ঘাতক ট্রাকসহ চালককে আটক করতে সক্ষম হয়।
আটককৃত ট্রাক চালক ইউনুস দুর্ঘটনার কথা স্বীকার করলেও নিজেকে নির্দোষ দাবি করে বলেন, তিনি দোহার থেকে শ্রীনগরের গন্তব্যে যাচ্ছিলেন, তবে এই পরিস্থিতির জন্য তিনি এককভাবে দায়ী নন।
দুর্ঘটনার বিষয়ে প্রত্যক্ষদর্শী এক ব্যবসায়ী এই প্রতিনিধিকে বলেন, “এই দুর্ঘটনার জন্য সম্পূর্ণভাবে ট্রাক চালক দায়ী। যারা আইন অমান্য করে এবং বেপরোয়া গতিতে যানবাহন চালায়, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি।”
একই এলাকার আরেক ব্যবসায়ী বলেন, চালকদের বেপরোয়া গতির কারণে এই সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। মাত্র কয়েকদিন আগেই এই একই সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন চালক ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। প্রশাসনের নজরদারি না বাড়ালে এই মৃত্যুমিছিল থামবে না।
দুর্ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় যান চলাচল কিছুটা বিঘ্নিত হলেও পরে স্বাভাবিক হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আটককৃত চালক ও ট্রাকটির বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ডিসিকে/ এমজেডএইচ








