প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ১০:৩২
লন্ডনে কবি ও সাংবাদিক মুহাম্মদ রহমত আলীর কাব্যগ্রন্থের প্রকাশনা ও আলোচনা অনুষ্ঠান

লন্ডনে কবি ও সাংবাদিক মুহাম্মদ রহমত আলীর দুটি কাব্যগ্রন্থ নিয়ে এক আলোচনা ও প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ইস্ট লন্ডনের দর্পণ মিডিয়া সেন্টার, প্রিন্সলেট স্ট্রিটে আয়োজিত এ অনুষ্ঠানে তাঁর কাব্যগ্রন্থ ‘বিলাতের বৃষ্টি’ ও ‘আমি যখন চলে যাব’ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সাহিত্যপ্রেমী ব্যক্তিত্বদের সরব উপস্থিতিতে মিলনমেলায় রূপ নেয় অনুষ্ঠানস্থল। আলোচনায় বক্তারা বলেন, মুহাম্মদ রহমত আলীর কবিতায় প্রবাসজীবনের বেদনা, শেকড়ের টান, স্মৃতি, প্রেম ও আত্মঅনুসন্ধানের গভীর ও সংবেদনশীল প্রতিফলন ফুটে উঠেছে। তাঁর কবিতা সমকালীন প্রবাসী বাংলা সাহিত্যে একটি তাৎপর্যপূর্ণ সংযোজন।
অনুষ্ঠানে কবির নির্বাচিত কবিতা পাঠ করা হয় এবং কাব্যগ্রন্থ দুটির সাহিত্যিক মূল্য, ভাবনাগত গভীরতা ও সময়োপযোগিতা নিয়ে প্রাণবন্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীদের সক্রিয় উপস্থিতি ও আলোচনায় পুরো আয়োজনটি হয়ে উঠে প্রাণপ্রাচুর্যে ভরপুর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি আসমা মতিন, ভাইস চেয়ারম্যান, দর্পণ বুক ক্লাব লন্ডন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “প্রবাসে বাংলা ভাষা ও সাহিত্যচর্চা টিকিয়ে রাখতে এ ধরনের সাহিত্য আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি নতুন প্রজন্মকে বাংলা সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে যুক্ত রাখতে সহায়ক ভূমিকা রাখে।”
তিনি ভবিষ্যতেও এ ধরনের সাহিত্য আয়োজন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সহ-সভাপতি আহাদ চৌধুরী বাবু। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক আনসার আহমদ উল্লাহ, সাংবাদিক ও উপস্থাপক ড. কামরুল হাসান, অধ্যাপক মিসবা কামাল, সাংবাদিক মিছবা জামাল, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহেদ রহমান, কবি আজিজুল আম্বিয়া, কমিউনিটি নেতা আবুল হোসেন, সাওদা মুমিন, বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা আব্দুল মুকিত, আবু ছবুর, মায়েরা তাইবা, আবছার হোসেন, শহিদুল ইসলামসহ আরও অনেকে।
নিজের বক্তব্যে কবি মুহাম্মদ রহমত আলী বলেন, “প্রবাসজীবনের অভিজ্ঞতা, না বলা কষ্ট আর না ফুরানো স্মৃতিই আমার কবিতার প্রধান উপাদান। এই দুটি কাব্যগ্রন্থ মূলত প্রবাসে বসবাসরত মানুষের অনুভূতির দলিল। পাঠকদের ভালোবাসা ও সহানুভূতিই আমাকে লেখালেখিতে অনুপ্রাণিত করে।”
শেষে আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি, বক্তা ও অংশগ্রহণকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়।







