প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৪৫
দুবাইয়ে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করল রিপোর্টার্স ইউনিটি ইউএই

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ কনসুলেটে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করল বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই। আজ ২১শে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের অকুতোভয় শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। দুবাই কনসুলেটের অস্থায়ী শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানানো হয়।
|আরো খবর
সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে প্রভাতফেরিতে অংশ নিয়ে শহীদ মিনারে উপস্থিত হন। এ সময় তারা অমর একুশের কালজয়ী গান গেয়ে শহীদদের ত্যাগকে স্মরণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে সংগঠনের প্রতিনিধিরা ভাষা শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নিরবতা পালন করেন।
রিপোর্টার্স ইউনিটি ইউএই-এর পক্ষ থেকে এক সংক্ষিপ্ত বার্তায় জানানো হয়, একুশের চেতনা কেবল একটি দিন পালনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি বাঙালির অধিকার আদায়ের অবিনাশী প্রেরণা। মাতৃভাষার মর্যাদা রক্ষায় যারা নিজের জীবন উৎসর্গ করেছেন, তাদের সেই আদর্শকে পাথেয় করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জাতির সেবায় নিয়োজিত থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সংগঠনটি।
উপস্থিত সংবাদকর্মীরা জানান, নতুন প্রজন্মের কাছে একুশের প্রকৃত ইতিহাস পৌঁছে দেওয়া সংবাদমাধ্যমের অন্যতম দায়িত্ব। ভাষা শহীদদের প্রতি এই শ্রদ্ধা নিবেদন কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম ভালোবাসার বহিঃপ্রকাশ। শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সকলে শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন।
ডিসিকে /এমজেডএইচ








