প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৫২
সাইকোলজিকাল থ্রিলার
ছায়া শিকারি

(পূর্ব প্রকাশিতের পর)
চৌদ্দ.
শিকাগো আমেরিকার একটি শহর। এটি ইলিনয় অঙ্গরাজ্যে অবস্থিত এবং এটি ইলিনয়ের বৃহত্তম শহর ও মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় জনবহুল শহর।
শিকাগোতে মাফিয়ারা একসময় বিভিন্ন নির্দিষ্ট এলাকায় আধিপত্য বিস্তার করত, বিশেষ করে ১৯২০ এবং ১৯৩০-এর দশকে নিষিদ্ধকরণ আইনের সময়কালে। এই সময়ের সবচেয়ে কুখ্যাত দল, ‘শিকাগো আউটফিট’, শহরের বিভিন্ন অংশে তাদের ক্ষমতা ছড়িয়েছিল। বর্তমানে মাফিয়া বা সংঘবদ্ধ অপরাধের দলগুলো নির্দিষ্ট কোনো আবাসিক এলাকায় আগের মতো প্রভাবশালী নয়। তবে সাউথ সাইডের আল ক্যাপোনের মতো বিখ্যাত মাফিয়া প্রধানদের কথা এখনো এই এলাকায় আলোচিত হয়। এই অঞ্চলের গ্যাংগুলো বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য পরিচিত।
লেক্সিংটন হোটেল খুবই বিখ্যাত। এই হোটেলটি মাফিয়াদের সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হতো। এটি ছিল মাফিয়াদের অন্যতম প্রধান কেন্দ্র, কিন্তু এখন এই হোটেলটি আর নেই। তবে তার পাশেই তারা তৈরি করেছে বিশাল এক প্রাসাদ—নাম ‘জামশেদ হোটেল’। গত বিশ বছর যাবত এই হোটেলটি তৈরি করা হয়েছিল মাফিয়া ডন জামশেদের বাংলাদেশের দুর্নীতির টাকায়। সে পুলিশে থাকাকালে অঢেল দুর্নীতি করেছে, কোটি কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে, আর সেই টাকায় এ দেশে থাকা নিয়াজ ও তার সঙ্গীরা এই বিশাল অট্টালিকা তৈরি করে রেখেছে, যাতে কোনোদিন জামশেদের সময় ফুরিয়ে এলে এখানে এসে কর্মকাণ্ড চালিয়ে যেতে পারে।
এই হোটেলের ১০৬ তলায় একটি রুমে রাত নেমে এসেছে। ভেতরে একজন কালো স্যুট পরে ঘুমাচ্ছে। তার পায়ের বুটজুতোগুলোও খোলা হয়নি। হঠাৎ করেই হোটেলের দরজা খুলে ভেতরে প্রবেশ করল নিয়াজ। তারপর কালো স্যুট পরা লোকটির পাশে বসে স্যাম্পেনের বোতলটা রাখল।
স্যুট পরা লোকটি ঘুমিয়ে থেকেও বুঝতে পারল কে এসেছে। এই রুমের চাবি একমাত্র নিয়াজের কাছেই আছে। সে ধীরে ধীরে চোখ খুলল।
‘কেমন আছেন বস?’ নিয়াজ লোকটাকে প্রশ্ন করল।
‘বেশ ধকল গেছে শরীরের ওপর দিয়ে; হাজার হাজার মানুষ মিলে আমাকে রাস্তায় মেরেছে, তারপর মৃত ভেবে চলে গেছে। হালকা একটু আত্মা শরীরে অবশিষ্ট ছিল বলেই বেঁচে গেছি। আর রাতে মিতার সহযোগিতায় এখানে চলে আসতে পারছি।’ লোকটি উত্তর দিল।
‘স্যালুট বস, আর ভয় নেই।’ নিয়াজ লোকটিকে অভিবাদন জানাল। তারপর বলল, ‘বাংলাদেশের হাওয়া পরিবর্তন হয়েছে। নতুন প্রধানমন্ত্রী দেশের গদিতে বসেছেন। আইন-নীতি সবকিছু পরিবর্তন হয়েছে। ওরা এখন আপনার মৃতদেহ না পেয়ে খুঁজতে থাকবে।’
লোকটা উঠে বসে। তারপর স্যাম্পেনের বোতলটা হাতে নেয়। ঢকঢক করে এক গ্লাস পান করে ফেলে। তারপর নিয়াজের দিকে তাকিয়ে বলে, ‘মিতা এখন কোথায়?’
‘আছে বস, আপনার আদেশের অপেক্ষায়।’ নিয়াজ উত্তর দিল।
‘ওকে আসতে বলো।’
নিয়াজ কল করা মাত্রই মিতা এসে হাজির হলো। তারপর বলল, ‘বাংলাদেশের পত্রিকায় আপনার নিখোঁজের সংবাদ প্রকাশ হয়েছে।’
জামশেদ মিতার হাত থেকে পত্রিকাটা নিয়ে দেখল পুরো পত্রিকার প্রথম পাতায় হেডলাইন—‘সিরিয়াল কিলার জামশেদ মরেনি, সে এখন নিখোঁজ’।
হেডলাইন দেখেই পত্রিকাটা ছুড়ে ফেলে দিল লোকটা। তারপর মনে মনে স্মরণ করল সেদিনের ঘটনা। রাস্তায় যখন জনতা তাকে পেটাচ্ছিল, তখন ধীরে ধীরে মাটিতে পড়ে যায়। একসময় সে জ্ঞান হারিয়ে ফেলে। কতক্ষণ জ্ঞান হারিয়ে পড়েছিল, তা তার মনে নেই। কিন্তু যখন জ্ঞান ফেরে, তখন ধীরে ধীরে হাতঘড়িটায় চোখ বুলিয়ে দেখে রাত নয়টা বাজে। কোনো রকম কষ্ট করে সে নিজেকে রাস্তা থেকে তোলে। তারপর হেঁটে হেঁটে একটা জায়গায় গিয়ে মিতাকে কল করে। রাত তিনটার ফ্লাইটে চলে আসে শিকাগো। তারপর যা করার নিয়াজই করে।
‘বস, এখন আমাদের পরিকল্পনা কী?’ নিয়াজ প্রশ্ন করে।
‘আমরা শীঘ্রই শক্তি গড়ে তুলব—বিশাল শক্তি। তারপর বাংলাদেশের মধুময় ক্ষণে অশান্তির বিষ ঢেলে দেব। এমন খেলা খেলব যে, ধীরে ধীরে জনতা ক্ষেপে উঠবে। আবারও বিপ্লব হবে। আমরাই আবার শাসনক্ষমতায় আসীন হব।’
ঠিক সে সময়ই কামরায় প্রবেশ করে এক ব্যক্তি। সে কালো স্যুট পরা লোকটিকে দেখেই হতবাক হয়ে প্রশ্ন করে, ‘জামশেদ, তুমি! বেঁচে আছো তাহলে? আমি নিয়াজের কাছে শুনে বিশ্বাসই করতে পারিনি। তাই নিজেই দেখতে এলাম।’
‘আমি বেঁচে আছি বস।’ জামশেদ এবার দাঁড়িয়ে লোকটিকে অভিবাদন জানায়। তারপর স্যাম্পেনের বোতলটা লোকটার হাতে তুলে দিয়ে বলে, ‘এর নাম মিতা, আর ওর নাম নিয়াজ—আমার বিশ্বস্ত দু’সহচর।’
‘নিয়াজের সাথে পরিচয় আছে, তবে মিতাকে প্রথম দেখলাম।’ এই বলে লোকটা মিতার সাথে করমর্দন করে নিজের পরিচয় দেয়, ‘আমার নাম আল ক্যাপোন।’
জামশেদের মুখটা উজ্জ্বল হয়ে ওঠে; তারপর মিতা ও নিয়াজের উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলে, ‘শিকাগোর ইতিহাসের সবচেয়ে কুখ্যাত মাফিয়া ডন ছিলেন আল ক্যাপোন নামের মহান এক ব্যক্তি। তিনি ১৯২০-এর দশকে নিষিদ্ধকরণ আইনের সময়কালে শিকাগোর অপরাধ জগতের অবিসংবাদিত নেতা ছিলেন। তার দল, যা শিকাগো আউটফিট নামে পরিচিত ছিল, অবৈধ মদ ব্যবসা, জুয়া এবং অন্যান্য অপরাধের মাধ্যমে বিশাল ক্ষমতা ও অর্থ সংগ্রহ করেছিল। আল ক্যাপোন তার নিষ্ঠুরতা এবং একই সাথে জনসেবামূলক কাজের জন্য বেশ পরিচিত ছিলেন—যেমন ধরো দুঃসময়ে খাদ্য বিতরণ, মানবিক সহযোগিতা ইত্যাদি। তবে তার সবচেয়ে কুখ্যাত কাজ ছিল ১৯২৯ সালে সংঘটিত সেন্ট ভ্যালেন্টাইনস ডে ম্যাসাকার, যেখানে তার প্রতিদ্বন্দ্বী দলের সাতজনকে হত্যা করা হয়। এখন তোমরা ভাবছো ১৯২৯ সালে আল ক্যাপোন নামের যে মাফিয়া ডন বিখ্যাত ছিলেন, তিনি আবার ফিরে আসলেন কীভাবে, তাই না?’
মিতা ও নিয়াজ অবাক দৃষ্টিতে একবার জামশেদের দিকে তাকায়, আবার আল ক্যাপোনের দিকে তাকায়।
জামশেদ বিষয়টা দেখে বেশ মজা পায়। তারপর বলে, ‘যুগে যুগে যেমন সিরিয়াল কিলার জামশেদরা ফিরে আসে, তেমনি ১৯৬ বছর পর আল ক্যাপোনরাও ফিরে আসে—তবে ভিন্ন রূপে, আধুনিকতায়। বুঝতে পারছো নিয়াজ?’
নিয়াজ এবার বুঝতে পারে। ‘শয়তানের রক্তের ধারা পৃথিবীতে চলতেই থাকে। এক শয়তান মারা গেলে কী হবে, তার মৃত শরীরের হাড় থেকে জন্ম নেয় আরও হাজার মহা শয়তান। পৃথিবী ধ্বংস না হওয়া পর্যন্ত এই ধারা চলতেই থাকবে। পৃথিবী শেষ না হওয়া পর্যন্ত শয়তান বিলীন হবে না।’
‘কী ভাবছো?’ আল ক্যাপোন প্রশ্ন করে জামশেদকে।
‘ভাবছি মৃত্যুর কাছাকাছি গিয়েও দ্বিতীয়বার যখন বেঁচে ফিরে এসেছি, তাহলে এমন এক নিখুঁত ধ্বংসযজ্ঞ চালাব, যা বাংলাদেশের শাসকবর্গ ভাবতেই পারবে না। জামশেদরা কখনো মরে না, তারা অন্য রূপে ফিরে আসে।’
‘হ্যাঁ, তাহলে আজ পার্টি হবে—বিরাট পার্টি। পুরো আমেরিকার সমস্ত ডন একত্রে মিলিত হবে। মিতাও আমাদের সাথে থাকবে।’ আল ক্যাপোন নির্দেশ দেয়।
জামশেদ মিতার চোখের দিকে তাকায়। নীরবে চোখে চোখে কথা হয়। তারপর মিতা উচ্ছ্বাস প্রকাশ করে বলে, ‘অবশ্যই বস, আমি থাকব।’
জামশেদ ভাবে, মিতাই হবে তার প্রধান ট্র্যাপ। একে ব্যবহার করেই এই মাফিয়া ডনদের বাগিয়ে নিতে হবে। তারপর তার শক্তি বৃদ্ধি হলে দাবার চাল চালতে হবে বাংলাদেশে। তরুণ-যুবকদের হাতে অঢেল টাকা দিয়ে তাসের ঘরের মতো উড়িয়ে দেবে রুহান-রুবাবা আর ইরফানদের কণ্ঠস্বর।
গভীর রাত; রুহান ও রুবাবা একসাথেই ঘুমিয়েছিল। হঠাৎ করেই জেগে ওঠে রুবাবা। তারপর রুহানকে জাগিয়ে তোলে। রুহান চোখ কচলাতে কচলাতে প্রশ্ন করে, ‘কী হয়েছে রুবাবা?’
‘আমার মেমোরিতে একটি সংকেত এসেছে। জামশেদ বেঁচে আছে, সে মহা এক পরিকল্পনা আঁটছে...।’
‘ঘুমাও। তুমি হয়তো স্বপ্ন দেখছো।’ রুহান বলে।
‘না। এটা স্বপ্ন নয়। আমার মেমোরিতে এ ধরনের কিছু হয় না। যা হয় সবই বাস্তব।’ এই বলে সে কম্পিউটার অন করল। তারপর সেখানে রুহান যা দেখল, তা দেখে সে চমকে উঠল।
স্ক্রিনে দেখা যাচ্ছিল জামশেদ, আল ক্যাপোন, নিয়াজ ও মিতা একত্রে বসে কোনো বিশাল পরিকল্পনা করছেন। তারা বাংলাদেশের বিরুদ্ধে অস্থিরতা ও অশান্তি সৃষ্টির ষড়যন্ত্র রচনা করছে। রুহান ও রুবাবা দ্রুত কাজে নেমে পড়ল। তারা দেশের রাষ্ট্রপতি ও বিশেষ বাহিনীর প্রধানকে এই ষড়যন্ত্রের বিষয়ে অবহিত করল এবং সরকারি বিশেষ বাহিনীর প্রধান ইমতিয়াজ ও সহকর্মী তুষার আহমেদকে বিশেষ ফ্লাইটে জামশেদ ও তার সহযোগীদের সন্ধানে শিকাগো পাঠাল সেই রাতেই।
জামশেদ ও তার দলের সদস্যরা যখন জানতে পারল তাদের ষড়যন্ত্র ধরা পড়ছে, তখন তারা ত্বরান্বিত হয়ে শিকাগোর জামশেদ হোটেল থেকে পালিয়ে যেতে চাইল। কিন্তু সেই সময় তুষার, ইমতিয়াজ ও শিকাগোর সরকারি বিশেষ বাহিনী হোটেলের চারপাশ ঘিরে ফেলল।
জামশেদ ও তার সহযোগীদের পলায়নের পথ বন্ধ হয়ে গেল। তারা বুঝতে পারল, এবার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তখন জামশেদ মিতাকে ডেকে বলল, ‘এবার আমাদের শেষ লড়াই। আমাদের বাঁচার কোনো উপায় নেই। তাই আমাদের শেষ রক্ষা হলো, আমাদের শক্তি ও ক্ষমতা যেন ধ্বংস না হয়—তুমি এখনই ঊর্ধ্বতন মাফিয়া ডনদের খবর দাও। আর তুমি দ্রুত পালিয়ে যাও। সেই সাথে নিয়াজ ও আল ক্যাপোনকে সাথে নিয়ে যাও। আমি একা এই লড়াই করব।’
মিতা প্রথমে অস্বীকার করল, কিন্তু জামশেদের আদেশ অমান্য করার সাহস তার ছিল না। সে জামশেদকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। জামশেদ তাকে শান্ত করে বলল, ‘এবার যাও, আর কখনো ফিরে এসো না।’ মিতা অতিকষ্টে জামশেদকে ছেড়ে গোপন পথ দিয়ে পালিয়ে গেল।
জামশেদ তখন আল ক্যাপোন ও নিয়াজকে বলল, ‘আমরা একসাথে লড়াই করব। এই হবে আমাদের শেষ লড়াই। যদি আমরা এখানে জিতে যাই, তাহলে আমাদের শক্তি হবে বিশাল। আমরা নেক্সট টার্গেট পূরণ করতে পারব।’
তারা রুম থেকে স্নাইপার রাইফেল বের করল। তারপর সরকারি বিশেষ বাহিনীর সাথে কঠোর যুদ্ধে লিপ্ত হলো। একে একে সরকারি বাহিনীর লোকদের মেরেই চলল। কোথা থেকে বুলেট আসছে কেউ বুঝতেই পারছে না। এদিকে মাফিয়াদের ঊর্ধ্বতন ডনরা বিষয়টা জেনে গেল। তারা তাদের বাহিনী নিয়ে এগিয়ে এল।
চারদিক থেকে সরকারি বাহিনীর প্রতি গুলি ও বোমা বর্ষণ শুরু হতে লাগল। যুদ্ধ চলতে থাকল। জামশেদ ও তার সহযোগীরা নানা কৌশলে সরকারি বাহিনীকে পিছনে ধাক্কা দিতে লাগল। কিন্তু শেষ পর্যন্ত তাদের শক্তি ক্ষয় হয়ে গেল। তখন জামশেদ বুঝতে পারল, এবার তাদের শেষ। সে আল ক্যাপোনের দিকে তাকিয়ে বলল, ‘আমরা যেভাবে জীবনযুদ্ধ করেছি, তাতে আমাদের কোনো ত্রুটি নেই। আমরা শেষ পর্যন্ত লড়াই করেছি।’
ছাদের ওপর একটা হেলিকপ্টার এসে নামল; সেখানে মিতা ও নিয়াজ রয়েছে। তারা দ্রুত নেমে জামশেদের কাছে চলে এল, তারপর জামশেদ ও আল ক্যাপোনকে হেলিকপ্টারে তুলে নিল।
দ্রুতই কপ্টারটি উড়ে চলল। এক ঘণ্টা চলার পর একটা পাহাড়ি এলাকার বাড়ির ওপর নামল।
জামশেদ ও আল ক্যাপোন ধীরে ধীরে কপ্টার থেকে নামল। পাহাড় বেয়ে নিচে নামতে নামতে জামশেদ বলল, ‘তাহলে আমরা জিতে গেছি তাই না ক্যাপোন?’
হাসল ক্যাপোন। তারপর বলল, ‘দেখো নিচে কারা দাঁড়িয়ে আছে?’
জামশেদ পাহাড়ের নিচে যা দেখল, তাতে তার অবাক হবারই পালা। নিচে তুষার ও ইমতিয়াজ হ্যান্ডকাফ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। পাশে নাহার ও আরাধ দাঁড়িয়ে মিটিমিটি হাসছে।
হঠাৎই ঘটে গেল ঘটনাটা। জামশেদ পকেট থেকে দ্রুত রিভলবার বের করে আল ক্যাপোনের মাথায় দুটি গুলি করল। তারপর মিতাকে এক হাতে আর অন্য হাতে নিয়াজকে ধরে পাহাড় থেকে অন্যদিকে নিচের লেকের জলে ঝাঁপ দিল।
তুষার, ইমতিয়াজ, আরাধ ও নাহার তন্নতন্ন করে খুঁজল, তাদেরকে আর পাওয়া গেল না। ঠিক সে সময় আরাধ ইমতিয়াজের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, ‘শয়তানকে পৃথিবীতে ধ্বংস করা মানুষের জন্য সহজ কাজ নয়। একমাত্র সৃষ্টিকর্তাই তাকে ধ্বংস করতে পারে।’ (চলবে)





