প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ১৯:১৪
ব্রাজিলের জয়ে উচ্ছ্বসিত সাবেক তারকা ফুটবলার বোরহান খান: 'চাঁদপুর কণ্ঠ'র ৩২ পূর্তিতে শুভেচ্ছা

ব্রাজিলের জয়ে উচ্ছ্বসিত সাবেক তারকা ফুটবলার বোরহান খান: 'চাঁদপুর কণ্ঠ'র ৩২ পূর্তিতে শুভেচ্ছা
|আরো খবর
বিশেষ প্রতিনিধি:
বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে জাপানকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করায় দারুণ উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করেছেন এক সময়ের মাঠ কাঁপানো তুখোড় ফুটবলার এবং চাঁদপুর জেলা বিএনপির অন্যতম নেতা মোঃ বোরহান খান। তিনি কট্টর ফুটবল প্রেমী এবং ঐতিহ্যবাহী দল ব্রাজিলের একজন একনিষ্ঠ ভক্ত।
চলতি ২০২৬ বিশ্বকাপে প্রিয় দল ব্রাজিলের ধারাবাহিক বিজয়ে তিনি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন বিশ্ব ফুটবল ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানায়ক, 'কালো মানিক' খ্যাত কিংবদন্তি ফুটবলার পেলে-কে। সাবেক এই তারকা ফুটবলার দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, "ব্রাজিল দল তাদের চিরচেনা নান্দনিক ও শৈল্পিক ফুটবলের ধারাবাহিকতা বজায় রেখে চলতি ২০২৬ বিশ্বকাপেই তাদের 'হেক্সা মিশন' (ষষ্ঠ বিশ্বকাপ জয়) সম্পন্ন করবে, এটি আমার বিশ্বাস। ইনশাআল্লাহ, এবার বিশ্বকাপ ট্রফি জয় করেই নিজ দেশে ফিরবে সেলেসাওরা।"
উল্লেখ্য, মোঃ বোরহান খান তৎকালীন বৃহত্তর কুমিল্লার ফুটবল অঙ্গনের এক অনন্য ও পরিচিত নাম। তিনি চাঁদপুর পুরান বাজার নিতাইগঞ্জ ক্রীড়া চক্রের বর্তমান সভাপতি এবং চাঁদপুর সোনালী অতীত ক্লাবের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। বর্ণাঢ্য খেলোয়াড়ী জীবনে তিনি ঢাকা প্রিমিয়ার লীগের ঐতিহ্যবাহী ক্লাব ফরাশগঞ্জ ও আরামবাগসহ চট্টগ্রাম মোহামেডান এবং কুমিল্লা সুতা কল ক্লাবের হয়ে মাঠ কাঁপিয়েছেন।
সাক্ষাৎকার প্রদানকালে এই ক্রীড়া ব্যক্তিত্ব চাঁদপুরের জনপ্রিয় ও ঐতিহ্যবাহী মুখপত্র 'দৈনিক চাঁদপুর কণ্ঠ'-এর গৌরবময় ৩২ বছর পূর্তি উপলক্ষে পত্রিকাটির কর্তৃপক্ষ, সাংবাদিক ও পাঠককূলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় চাঁদপুর কণ্ঠের এই অগ্রযাত্রা আগামীতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
ডিসিকে /এমজেডএইচ








