বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ১৯:২৪

বাবুরহাটে প্রায় ১৭০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, লাখ টাকা জরিমানা

আব্দুল্লাহ আল মামুন।।
বাবুরহাটে প্রায় ১৭০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, লাখ টাকা জরিমানা
বাবুরহাট বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহর নেতৃত্বে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার দৃশ্য।

চাঁদপুর শহরের বাবুরহাট বাজারে যৌথ অভিযান চালিয়ে ১ হাজার ৬৯৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন ব্যবসায়ীকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা পলিথিনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।

অভিযান সূত্রে জানা যায়, বাবুরহাট মধ্যবাজারের ‘বাবুরহাট প্লাজা’র দ্বিতীয় তলায় একটি বড় গুদামে বিপুল পরিমাণ পলিথিন মজুদ রেখেছিলেন বশির পাটোয়ারী নামে এক ব্যবসায়ী। তার গুদাম থেকে ১ হাজার ৫৮৩ কেজি পলিথিন জব্দ করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তর জানায়, বশির পাটোয়ারী এর আগেও একই অপরাধে জরিমানার মুখে পড়েছিলেন।

এছাড়া একই বাজারের ব্যবসায়ী মো. মাহবুবের দোকান থেকে ৪৩ কেজি পলিথিন জব্দ করে ২৫ হাজার টাকা এবং ফখরুদ্দিনের দোকান থেকে ৭০ কেজি পলিথিন জব্দ করে আরও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত পলিথিন ট্রাকে করে পরিবেশ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

অভিযানকালে ব্যবসায়ী বশির পাটোয়ারী বলেন, "ভবিষ্যতে আর পলিথিন ব্যবসা করবো না। তবে শুধু আমাদের নয়, যারা পলিথিন উৎপাদন করে তাদেরও জরিমানা করা দরকার।" বারবার জরিমানার পরও কেন একই ব্যবসায় যুক্ত আছেন—এমন প্রশ্নের জবাবে তিনি জীবিকা নির্বাহের অজুহাত দেন।

এদিকে স্থানীয় ব্যবসায়ীরা প্রশ্ন তুলেছেন, এতো বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন কীভাবে বাজারে আসছে? তাদের মতে, কেবল খুচরা বিক্রেতা বা মজুদদারদের শাস্তি দিয়ে পলিথিন বন্ধ করা সম্ভব নয়। উৎপাদনকারী ও মূল সরবরাহকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা গেলে বাজার পর্যায়ে পলিথিনের প্রবেশ ঠেকানো যাবে।

অভিযানে চাঁদপুর জেলা পুলিশের একটি দল আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে। পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মিজানুর রহমান জানান, নিষিদ্ধ পলিথিনের সরবরাহ বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়