প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৪
গ্রামীণ অর্থনীতি পুনর্গঠনে পল্লী সঞ্চয় ব্যাংকের ৪ কৌশলগত কর্মসূচি
অর্থ উপদেষ্টাকে ধারণাপত্র প্রদান

রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত প্রতিষ্ঠান পল্লী সঞ্চয় ব্যাংকের একটি প্রতিনিধি দল অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) রাশেদ আল মাহমুদ তিতুমীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে উপদেষ্টার হাতে ব্যাংকের প্রথম বিশেষ প্রকাশনা ও ধারণাপত্র ‘সবার আগে বাংলাদেশ : নির্বাচনী ইশতেহার ২০২৬ বাস্তবায়নে পল্লী সঞ্চয় ব্যাংকের বিশেষ উদ্যোগ’ আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।
|আরো খবর
জাতীয় ইশতেহার ২০২৬-এর উন্নয়ন এজেন্ডার সাথে সামঞ্জস্য রেখে ব্যাংকের নিজস্ব কর্মকর্তাদের গবেষণা ও উদ্ভাবনী চিন্তায় ধারণাপত্রটি প্রণয়ন করা হয়েছে। মূলত গ্রামীণ অর্থনীতি পুনর্গঠন, প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তি এবং টেকসই কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই কৌশলগত রূপরেখা তৈরি করা হয়। এতে ৪টি বিশেষ কর্মসূচি অন্তর্ভুক্ত রয়েছে : ডিজিটাল ইকোসিস্টেম ঋণ কর্মসূচি : গ্রামীণ তরুণদের আইটি ও অনলাইন সেবায় উৎসাহিত করে প্রান্তিক পর্যায়ে ডিজিটাল অর্থনীতি গড়ে তোলা।
পল্লী নারী উদ্যোক্তা ঋণ কর্মসূচি : নারী উদ্যোক্তাদের সৃজনশীল উদ্যোগ সম্প্রসারণ ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করা। এক গ্রাম এক পণ্য ঋণ কর্মসূচি : আঞ্চলিক ঐতিহ্যবাহী পণ্যের মানোন্নয়ন এবং সেগুলোকে আন্তর্জাতিক বাজারে যুক্ত করা। পল্লী সবুজায়ন কর্মসূচি : জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণ ও সবুজ বনায়ন সৃষ্টি করা।
সাক্ষাৎকালে দেশের সামষ্টিক অর্থনৈতিক সংস্কার, প্রান্তিক আর্থিক সেবা জোরদার এবং সরকারের কৌশলগত উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নে ব্যাংকের সক্রিয় ভূমিকা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
এ সময় ব্যাংক-সংশ্লিষ্টরা দাবি করেন, জনগণের কল্যাণ ও সরকারের দীর্ঘমেয়াদি দেশ গঠন অভিযাত্রায় পল্লী সঞ্চয় ব্যাংক একটি নির্ভরযোগ্য ও গতিশীল প্রাতিষ্ঠানিক সহযোগী হিসেবে কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।







