প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ০০:৫৫
শ্রীমঙ্গলে ধানক্ষেত থেকে অজগর উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লোকালয়ের একটি ধানক্ষেত থেকে বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
|আরো খবর
বুধবার (২৬ আগস্ট ২০২৬) বিকেলে শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া এলাকায় জমিতে ধান কাটার সময় হঠাৎ অজগরটি দেখে আতঙ্কিত হয়ে পড়েন চা-শ্রমিকরা। এতে মুহূর্তের মধ্যে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শ্রমিকরা কাজ বন্ধ করে দেন।
পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন। খবর পেয়ে সংগঠনটির পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
উদ্ধার করা সাপটি পরবর্তীতে বন বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। বন বিভাগ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে অজগরটিকে নিরাপদ প্রাকৃতিক বনে অবমুক্ত করা হবে।
ডিসিকে/ এমজেডএইচ







