বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ২১:৫৭

মতলব উত্তর থানা পুলিশের তৎপরতায় নিখোঁজ মাদ্রাসা ছাত্র উদ্ধার

অনলাইন ডেস্ক
মতলব উত্তর থানা পুলিশের তৎপরতায় নিখোঁজ মাদ্রাসা ছাত্র উদ্ধার

মতলব দক্ষিণ থানা থেকে নিখোঁজ হওয়া সাফায়েত ইসলাম (১০) নামে এক মাদ্রাসাছাত্রকে মতলব উত্তর থানা পুলিশ উদ্ধার করেছে। বুধবার (২১ অক্টোবর ২০২৬) বিকেলে মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চঘাট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

নিখোঁজ সাফায়েত মতলব দক্ষিণ উপজেলাধীন ধনারপাড় এলাকার সাবের ইসলামের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করতো।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল আনুমানিক ১১টা ১০ মিনিটে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় সাফায়েত। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে তার বাবা সাবের ইসলাম ৮ সেপ্টেম্বর মতলব দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৩৭০) করেন।

ঘটনার গুরুত্ব বিবেচনা করে চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং সংশ্লিষ্ট সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবির হোসেন তানিমের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানার একাধিক দল উদ্ধারে অভিযানে নামে। অনুসন্ধানের ধারাবাহিকতায় বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে মতলব উত্তর থানা পুলিশের সহায়তায় ষাটনল লঞ্চঘাট এলাকা থেকে শিশুটিকে নিরাপদে উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত শিশু সাফায়েত পুলিশকে জানায়, পরিবারের লোকজনের ওপর রাগ করে সে একাই ঢাকায় চলে যায়। পরবর্তীতে ঢাকায় অজ্ঞাত এক ব্যক্তির পাল্লায় পড়ে কাজের প্রলোভনে লঞ্চযোগে চট্টগ্রামে পাড়ি জমায়। সেখানে কিছুদিন কাজ করার পর কৌশলে পালিয়ে ট্রেনে চড়ে আবার ঢাকার কমলাপুর স্টেশনে ফিরে আসে। সেখান থেকে নারায়ণগঞ্জ হয়ে মতলব উত্তরগামী একটি লঞ্চে করে আসার পথে ষাটনল ঘাটে পুলিশ তাকে শনাক্ত ও উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, উদ্ধারকৃত শিশুর বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্ন করে তাকে সসম্মানে পরিবারের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়