প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ২২:৫৮
শ্রীমঙ্গলে লোকালয় থেকে ৪টি বন্যপ্রাণী উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের পৃথক এলাকা থেকে একটি লজ্জাবতী বানর, তক্ষক, দাঁড়াশ ও অজগরসহ মোট চারটি বন্যপ্রাণী উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
|আরো খবর
শনিবার (১৫ আগস্ট ২০২৬) শ্রীমঙ্গল শহরতলীর উত্তর ভাড়াউড়া এলাকায় গাছ থেকে বলাই রবিদাস নামের এক ব্যক্তির উঠানে আছড়ে পড়ে একটি লজ্জাবতী বানর। এতে প্রাণীটি কিছুটা আঘাত পায়। বাড়ির লোকজন বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে জানালে সংস্থার পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে বানরটি উদ্ধার করেন।
একই দিন দুপুরে আশিদ্রোন ইউনিয়নের নোয়াগাঁও শাইঠুলা প্রজেক্ট-২-এর একটি পুকুরে মাছ ধরার জালে আটকে পড়ে একটি দাঁড়াশ সাপ। প্রকল্পের ম্যানেজার বিষয়টি বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানালে স্বপন দেব সজল, রাজদীপ দেব দীপ ও রিদন গৌড় গিয়ে সাপটিকে উদ্ধার করেন। দীর্ঘ সময় জালে আটকে থাকায় আহত হওয়া সাপটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এর আগে বেলা ১১টার দিকে শহরতলীর রূপশপুর এলাকার রুপন পালের ঘরের ঠাকুরঘর থেকে একটি তক্ষক উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের টিম।
অন্যদিকে, শুক্রবার বিকেলে হাইল হাওর এলাকার ধানক্ষেতের পাশের একটি ডোবা থেকে মাছ ধরার সময় একটি অজগর সাপ দেখতে পান মঞ্জু মিয়া নামের এক ব্যক্তি। খবর পেয়ে সেবা ফাউন্ডেশনের প্রতিনিধিরা গিয়ে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, বনে খাদ্যাভাব ও বসবাসের পরিবেশ নষ্ট হওয়ার কারণেই বিরল প্রজাতির প্রাণীসহ বিভিন্ন বন্যপ্রাণী লোকালয়ে চলে আসছে। উদ্ধার করা প্রাণীগুলোকে পুনরায় বনে অবমুক্ত করার জন্য শ্রীমঙ্গল বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।








