প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ২২:১৯
কমলগঞ্জে বন্যাদুর্গত মানুষের পাশে পুলিশ
বিশেষ মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বন্যাদুর্গত মানুষের জন্যে বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে জেলা পুলিশ। ক্যাম্পে ক্ষতিগ্রস্ত মানুষের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
|আরো খবর
মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় উপজেলার কুরমাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে পরিচালিত এ কার্যক্রমে স্থানীয় বন্যাদুর্গত মানুষের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।
বন্যা-পরবর্তী সময়ে পানিবাহিত ও সংক্রামক রোগের ঝুঁকি বিবেচনায় চিকিৎসকরা প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শও দেন।
এর আগে মৌলভীবাজার সদর, রাজনগর ও কুলাউড়া উপজেলার বন্যাকবলিত এলাকাতেও জেলা পুলিশের উদ্যোগে একই ধরনের বিশেষ মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়েছে।
মৌলভীবাজার পুলিশ হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার ও মেডিকেল টিম এ কার্যক্রম পরিচালনা করেন।
জেলা পুলিশ জানায়, দুর্যোগকালীন সময়ে বন্যার্ত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ মানবিক দায়িত্ব পালনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমানের নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।








