প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫৫
হাজীগঞ্জের ১৩ নং অলিপুর ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম শুরু হচ্ছে কৈয়ারপুলে

হাজীগঞ্জ উপজেলার কৈয়ারপুলের প্রস্তাবিত কার্যালয়ে শিগগিরই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে নবগঠিত ১৩ নং অলিপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম। এ উপলক্ষে গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) প্রস্তাবিত অস্থায়ী কার্যালয়টি সরজমিনে পরিদর্শন করেছেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনে আল জায়েদ হোসেন।
|আরো খবর
পরিদর্শনকালে ইউএনও কার্যালয় ভবনের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন এবং দাপ্তরিক কাজ শুরুর প্রাথমিক প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মো. মমিনুল হক এবং চাঁদপুরের জেলা প্রশাসক আনুষ্ঠানিকভাবে এ কার্যালয়টির উদ্বোধন করবেন।
ইতোমধ্যে সরকার ১৩ নং অলিপুর ইউনিয়নকে নতুন ইউনিয়ন হিসেবে গেজেট প্রকাশ করেছে। একই সাথে প্রশাসনিক চালিকাশক্তি জোরদারে একজন সচিবসহ দুজন কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে প্রশাসন। এর মাধ্যমে ইউনিয়নটির দাপ্তরিক কার্যক্রম শুরুর পথ সুগম হলো।
এদিকে কৈয়ারপুল এলাকায় ইউপি কার্যালয় স্থাপিত হতে চলায় সন্তোষ প্রকাশ করে স্থানীয় সংসদ সদস্য মো. মমিনুল হকের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী। পরিদর্শনের সময় স্থানীয় বাসিন্দা কানু পাটোয়ারী, মিলন, রোকন তালুকদারসহ শতাধিক উৎসুক জনতা উপস্থিত ছিলেন।








