প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ২১:৪৭
শ্রীমঙ্গল ও কমলগঞ্জের লোকালয় থেকে দুটি বিশাল আকৃতির অজগর উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার দুটি পৃথক স্থান থেকে বিশাল আকৃতির দুটি অজগর সাপ উদ্ধার করেছে বনবিভাগ ও বন্যপ্রাণী উদ্ধারকারী দল। উদ্ধার করা সাপ দুটি বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে একটি চিকিৎসার জন্য রেসকিউ সেন্টারে পাঠানো হয়েছে।
|আরো খবর
মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সকাল ১১টার দিকে শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা বাগানের ১৭ নম্বর সেকশনে চা-শ্রমিকরা কাজ করার সময় একটি বিশাল আকৃতির অজগর সাপ দেখতে পান। সাপটি দেখে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা কাজ বন্ধ করে দেন।
পরে শ্রমিকরা বিষয়টি জাগছড়া চা বাগানের কর্মকর্তা সেলিম মিয়াকে জানালে তিনি বনবিভাগ ও বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবহিত করেন। খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ এবং বনবিভাগের সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, উদ্ধার হওয়া অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৬ ফুট এবং ওজন প্রায় ৩০ কেজি। পরে সাপটিকে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে একই দিন দুপুর ১২টার দিকে কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ী চা বাগানে কর্মরত শ্রমিকরা আরও একটি বড় অজগর সাপ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন। তারা বিষয়টি বাগান কর্তৃপক্ষকে জানালে ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সকে খবর দেওয়া হয়। মৌলভীবাজার রেঞ্জের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হকের নির্দেশনায় উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।
ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের সদস্য চঞ্চল গোয়ালা জানান, উদ্ধার হওয়া দ্বিতীয় অজগরটির দৈর্ঘ্য প্রায় ১০ ফুট এবং ওজন প্রায় ১৫ কেজি। সাপটি অসুস্থ ও দুর্বল অবস্থায় ছিলো। ধারণা করা হচ্ছে, এটি দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবস্থান করছিলো। উদ্ধার শেষে চিকিৎসার জন্যে সাপটিকে বন্যপ্রাণী বিভাগের তত্ত্বাবধানে জানকিছড়া বন্যপ্রাণী রেসকিউ সেন্টারে হস্তান্তর করা হয়েছে।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল কার্যালয়ের ওয়াইল্ডলাইফ রেঞ্জার কাজী নাজমুল হক জানান, রেসকিউ সেন্টারে নিবিড় পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় চিকিৎসা শেষে সুস্থ হলে অজগরটিকে তার প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে।








