প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ২১:৩৯
হামহাম জলপ্রপাতে আটকেপড়া আহত পর্যটকসহ ১০ পর্যটক উদ্ধার

মৌলভীবাজারের গহীন অরণ্যে অবস্থিত হামহাম জলপ্রপাতে আহত এক পর্যটকসহ ১০জন পর্যটককে ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় উদ্ধার করা হয়েছে।
|আরো খবর
সোমবার (২০ জুলাই ২০২৬) সকালে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চল সংলগ্ন হামহাম জলপ্রপাতে ভ্রমণে যায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একদল শিক্ষার্থী। বিকেল ৩টার দিকে তাদের মধ্যে একজন পা পিছলে পড়ে হাতে আঘাত পেয়ে গুরুতর আহত হয়।
আহত অবস্থায় ওই পর্যটককে নিয়ে পাহাড়ি পথ পাড়ি দেয়া সম্ভব না হলে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে বিষয়টি জানিয়ে তাদেরকে উদ্ধারে সহযোগিতা চায়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে কমলগঞ্জ থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্থানীয় লোকজনের সহায়তায় আহত পর্যটকসহ ১০জন পর্যটককে নিরাপদে উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার শেষে আহত পর্যটককে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। উদ্ধারকৃত অপর সকল পর্যটক সুস্থ রয়েছেন।








