রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১৫:৫৫

ফরিদগঞ্জে আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা

অংশ নিলো ১১২৫ শিক্ষার্থী

ফরিদগঞ্জ প্রতিনিধি
ফরিদগঞ্জে আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করছেন আম্বিয়া ইউনুস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী সিআইপি মোতাহার হোসেন পাটওয়ারী।

ফরিদগঞ্জে আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশনের উদ্যোগে ‘আইফা মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর ২০২৬) সকাল ১০টা থেকে উপজেলার দুটি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা নেওয়া হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১ হাজার ১২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

ফরিদগঞ্জ এ আর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ও ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদরাসা কেন্দ্রে বিপুলসংখ্যক শিক্ষার্থীর উপস্থিতিতে সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়।

পরীক্ষা সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফরিদগঞ্জ এ আর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন হাসিনা আকতার এবং হল সুপার ছিলেন মো. শরীফ হোসাইন। অন্যদিকে ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদরাসা কেন্দ্রে কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মমিনুল ইসলাম এবং হল সুপারের দায়িত্ব পালন করেন লাউতলী ড. আ. রশিদ আহমেদ উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক মো. মাহবুবুর রহমান। পুরো পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশনের অর্গানাইজার নুরুল ইসলাম ফরহাদ।

পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সমাজসেবক মোতাহার হোসেন পাটওয়ারী, ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. মঞ্জিল হোসেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়া, ফাউন্ডেশনের উপদেষ্টা মাহবুবুল আলম বাবুল ও সাইদুর রহমান পাটোয়ারী, বিশিষ্ট রাজনীতিবিদ হারুনুর রশীদ, সিরাজুল ইসলাম পাবক ও মো. আব্দুল মতিন।

কেন্দ্র পরিদর্শনশেষে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোতাহার হোসেন পাটওয়ারী বলেন, “শিক্ষার্থীদের মেধার বিকাশ, পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতেই আমাদের এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন। আমরা চাই, প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরাও তাদের মেধা ও যোগ্যতা বিকাশের সুযোগ পাক। ভবিষ্যতেও ধারাবাহিকভাবে এ আয়োজন অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, “এবারের মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সঙ্গে ফরিদগঞ্জ উপজেলার এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদেরও সংবর্ধনা দেওয়া হবে। শিক্ষার্থীদের সাফল্যকে স্বীকৃতি দিতে এবং অন্যদের অনুপ্রাণিত করতেই আমাদের এ উদ্যোগ।”

আয়োজকদের মতে, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা ও মেধা যাচাইয়ের লক্ষ্যে নেওয়া এ উদ্যোগ শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষানুরাগীদের মাঝে ব্যাপক সাড়া ও আগ্রহ সৃষ্টি করেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়