প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ২০:৪১
স্ত্রী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে লুটপাট ও মিথ্যা যৌতুক মামলার অভিযোগ শাহরাস্তির এক প্রবাসীর

শাহরাস্তিতে স্ত্রীর একাধিক পরকীয়ার অভিযোগ নিয়ে পারিবারিক সমাধান ও বিচার চাইতে গিয়ে উল্টো হয়রানি, বসতঘরে লুটপাট এবং মিথ্যা যৌতুক মামলার শিকার হওয়ার অভিযোগ করেছেন গোলাম কিবরিয়া নামের এক কুয়েতপ্রবাসী। এ ঘটনায় তিনি স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনকে দায়ী করেছেন। তাঁর দাবি, স্ত্রীর একাধিক অনৈতিক সম্পর্কের প্রমাণ পাওয়ার পর পরিবারের সদস্যদের জানালে তাকে নানাভাবে হয়রানি করা হচ্ছে; এমনকি বৃদ্ধ বাবা-মাকেও যৌতুক মামলায় আসামি করা হয়েছে।
|আরো খবর
ভুক্তভোগী গোলাম কিবরিয়া শাহরাস্তি উপজেলার উয়ারুক গ্রামের বাসিন্দা এবং হুমায়ন কবিরের ছেলে। তার স্ত্রী আরিয়ান আক্তার জেরিন একই উপজেলার সুয়াপাড়া গ্রামের মিজানুর রহমানের মেয়ে।
গোলাম কিবরিয়ার ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের আগস্ট মাসে আরিয়ান আক্তার জেরিনের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের সময় মেয়ের পরিবারের অনুরোধে এবং নিজের পরিবারের সদস্যরা উচ্চশিক্ষিত হওয়ায় স্ত্রীর পড়াশোনার দায়িত্ব নিতে সম্মত হন তিনি। বিয়ের পর স্ত্রী হোস্টেলে থেকে পড়াশোনা শুরু করেন। হোস্টেল ফি, শিক্ষাসামগ্রী, পড়াশোনার খরচ ও হাতখরচসহ যাবতীয় ব্যয় কুয়েত থেকে তিনিই বহন করতেন। গত দুই বছরে স্ত্রীর পড়াশোনার জন্য প্রায় ৫ লাখ টাকা এবং হাতখরচ বাবদ আরও ৩ লাখ টাকা—মোট প্রায় ৮ লাখ টাকা পাঠিয়েছেন বলে দাবি তার।
কিবরিয়ার অভিযোগ, সম্প্রতি স্ত্রীর একাধিক পরকীয়ার প্রমাণ পেয়ে তিনি শ্বশুরবাড়ির লোকজনকে জানান এবং সুষ্ঠু সমাধান চান। তবে সমঝোতার কথা বলে শ্বশুরবাড়ির লোকজন তাদের বাড়িতে এসে উল্টো লুটপাট চালায় বলে অভিযোগ করেন তিনি। এ সময় বাড়ি থেকে প্রায় ১০ ভরি স্বর্ণালংকার, একটি আইফোন, নগদ মোটা অঙ্কের টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যাওয়া হয়, যাতে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
তিনি আরও দাবি করেন, ঘটনার পর স্ত্রী তালাক দিতে রাজি নন এবং তার কাছে ২০ লাখ টাকা দাবি করা হচ্ছে। ওই টাকা দিতে অস্বীকৃতি জানানোর পর তার এবং বৃদ্ধ বাবা-মায়ের বিরুদ্ধে যৌতুকের মামলা করা হয়েছে। পাশাপাশি স্থানীয়ভাবে খোঁজ নিয়ে তিনি জেনেছেন বলে দাবি করেন যে, তার সঙ্গে বিয়ের আগেও স্ত্রীর অন্যত্র বিয়ে হয়েছিল এবং একাধিক ছেলের সঙ্গে সম্পর্ক ছিলো।
গোলাম কিবরিয়ার মতে, যৌতুকের অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। স্ত্রীর পরকীয়ার বিষয়ে বিচার চাওয়ার পর থেকেই তাকে ফাঁসাতে ও আর্থিকভাবে চাপে ফেলতে এসব মামলা করা হয়েছে। কুয়েতে থেকেও মামলার খরচ, আইনি জটিলতা এবং বৃদ্ধ বাবা-মাকে আসামি করায় পরিবার নিয়ে সামাজিক ও মানসিকভাবে চরম উদ্বেগে আছেন তিনি। মামলার অভিযোগগুলো নিরপেক্ষভাবে যাচাই করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও হয়রানি বন্ধে আদালতসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এই প্রবাসী।
এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত আরিয়ান আক্তার জেরিনের ব্যবহৃত নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।








