প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৪
ধ্বংসস্তূপে পরিণত বীর মুক্তিযোদ্ধাদের মিলনকেন্দ্র, রাতের আঁধারে মাদকসেবী ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ
সোয়া দু বছরেও সংস্কার হয়নি বাবুরহাট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স

চাঁদপুর সদর উপজেলার বাবুরহাটে অবস্থিত মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স (সদর উপজেলা ইউনিট কমান্ড ভবন) ৫ আগস্ট ২০২৪-পরবর্তী ধ্বংসযজ্ঞের শিকার হয়ে আজও পড়ে আছে চরম অবহেলায়। প্রায় সোয়া দু বছর হতে চললেও ভবনটি সংস্কারে কোনো দৃশ্যমান উদ্যোগ বাস্তবায়িত হয়নি। একসময় বীর মুক্তিযোদ্ধাদের প্রশাসনিক কার্যক্রম, সাংগঠনিক কর্মকাণ্ড ও মিলনমেলার প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এ ভবনটি বর্তমানে পরিত্যক্ত ও জরাজীর্ণ। এর সঙ্গে যুক্ত হয়েছে রাতের আঁধারে মাদকসেবী ও অসামাজিক কার্যকলাপে জড়িতদের আনাগোনা, যা স্থানীয়দের চরম উৎকণ্ঠার কারণ হয়ে দাঁড়িয়েছে।
সেবার কেন্দ্র থেকে ধ্বংসস্তূপ
জানা যায়, চাঁদপুর সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের প্রশাসনিক ও সাংগঠনিক কর্মকাণ্ড এবং পারস্পরিক যোগাযোগের সুবিধার্থে ২০২২ সালে তিনতলাবিশিষ্ট এই মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটি উদ্বোধন করা হয়। ভবনের নিচতলায় ছয়টি এবং দ্বিতীয় তলায় ছয়টিসহ মোট ১২টি দোকান বরাদ্দের কার্যক্রমও চলমান ছিল। পাশাপাশি, ২০২৩ সাল থেকে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) জেলা কার্যালয় হিসেবেও ভবনটি ব্যবহৃত হয়ে আসছিল।
সেখান থেকে বিদেশগামী কর্মীদের ফিঙ্গারপ্রিন্ট গ্রহণ, প্রশিক্ষণ এবং বিদেশ গমনের বিভিন্ন আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন হতো। ফলে বাবুরহাটের এই এলাকাটি প্রবাসী সেবার অন্যতম গুরুত্বপূর্ণ হাব বা কেন্দ্রে পরিণত হয়েছিল। জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রতিদিন অসংখ্য মানুষ এখানে এসে সেবা নিতেন। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী মুক্তিযুদ্ধবিরোধী চক্রের সহিংসতা ও ধ্বংসযজ্ঞে ভবনটির ভেতরের অধিকাংশ মালামাল, আসবাবপত্র ও ব্যবহার্য সামগ্রী লুটপাট ও ভাঙচুর করা হয়। এমতাবস্থায় বিএমইটির কার্যালয়টি অন্যত্র সরিয়ে নেওয়া হয়। এতে একদিকে মুক্তিযোদ্ধাদের সাংগঠনিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে, অন্যদিকে স্থানীয়ভাবে বিদেশগামী কর্মীদের গুরুত্বপূর্ণ একটি সেবাকেন্দ্র বন্ধ হয়ে যায়।
সরেজমিন চিত্র : অরক্ষিত ও নোংরা পরিবেশ
সরেজমিনে দেখা যায়, একসময়ের কর্মচঞ্চল এই ভবনটি এখন সম্পূর্ণ পরিত্যক্ত। ভবনের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা এবং মেঝেতে শত শত সিগারেটের অবশিষ্টাংশ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। মলমূত্র ও প্রস্রাবের উৎকট গন্ধে চারপাশের পরিবেশ ভারী হয়ে আছে। স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত মাদকসেবী ও বখাটেদের আড্ডাখানায় পরিণত হয় ভবনটি। এছাড়া গণপরিবহনের বাস ভবনের সামনের অংশ পার্কিংয়ের জন্য ব্যবহার করায় প্রবেশমুখও অনেকটাই দখল হয়ে আছে। সব মিলিয়ে গুরুত্বপূর্ণ এ সরকারি স্থাপনাটি এখন চরম অরাজক ও অনিরাপদ অবস্থায় রয়েছে।
স্থানীয়দের ক্ষোভ ও হতাশা
গুরুত্বপূর্ণ এই সরকারি স্থাপনার এমন পরিণতি স্থানীয় মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান এবং সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশার সৃষ্টি করেছে। মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও ঐক্যের প্রতীক এমন একটি ভবন এভাবে পরিত্যক্ত পড়ে থাকা কোনোভাবেই কাম্য নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চাঁদপুর সদর উপজেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ খান বলেন, “মুক্তিযোদ্ধাদের মিলনমেলা ও সাংগঠনিক কার্যক্রমের কেন্দ্র ছিল এই ভবনটি। অথচ বর্তমানে অবকাঠামো ছাড়া এখানে আর কিছুই অবশিষ্ট নেই। আমরা চাই, দ্রুত ভবনটি সংস্কার করা হোক। মুক্তিযোদ্ধারা যেন আবার এখানে বসতে পারেন, নিজেদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারেন এবং ভবনটি যথাযথভাবে ব্যবহার করতে পারেন, সে ব্যবস্থা সরকার গ্রহণ করবে বলে আমরা বিশ্বাস করি।”
মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চাঁদপুর জেলার যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বলেন, “আজ আমরা এই ভবনে মুক্তিযোদ্ধা সংসদের পরিচিতি তুলে ধরতে ব্যানার লাগিয়েছি। মুক্তিযোদ্ধাদের গর্বের এই ভবনটির বর্তমান অবস্থা অত্যন্ত জরাজীর্ণ ও বেদনাদায়ক। আমরা চাই, সরকার দ্রুত ভবনটি সংস্কারের উদ্যোগ নেবে এবং এর স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনবে।”
প্রশাসনের বক্তব্য
এ বিষয়ে চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটি মেরামতের জন্য ইতোমধ্যে বাজেট চাওয়া হয়েছে। খুব দ্রুতই সংস্কারকাজ শুরু করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ভবনটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।
করণীয় ও প্রত্যাশা
সংশ্লিষ্টদের মতে, শুধু ভবন সংস্কার করলেই দায়িত্ব শেষ হবে না; এর যথাযথ রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা নিশ্চিত করা এবং কার্যকর ব্যবহারও জরুরি। সংস্কারের পাশাপাশি মুক্তিযোদ্ধাদের জন্য সুষ্ঠু প্রশাসনিক ও সাংগঠনিক পরিবেশ ফিরিয়ে আনা, দোকান বরাদ্দের প্রক্রিয়া সম্পন্ন করা এবং সম্ভব হলে প্রবাসী কর্মীদের সেবা কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
বাবুরহাটের এই কমপ্লেক্সটি কেবল একটি ইমারত নয়, এটি বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও ইতিহাসের অংশ। তাই দ্রুত বাজেট বরাদ্দ, সংস্কারকাজ বাস্তবায়ন, ভবনের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নিয়মিত তদারকির মাধ্যমে এটিকে আবারও প্রাণবন্ত করে তোলার জোর দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী।








