প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ২২:৪৭
হাজীগঞ্জে মাদকবিরোধী সমাবেশ
রাত ১০টার পর দোকান ও অপ্রয়োজনীয় আড্ডায় নিষেধাজ্ঞা

হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নে এক মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর ২০২৬) বিকেলে উত্তর বড়কুল গ্রামের ব্রিজের দক্ষিণ পাড়ে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে ওসি বলেন, “বেশিরভাগ অপরাধমূলক কর্মকাণ্ডের পেছনে মাদকের সরাসরি সংশ্লিষ্টতা রয়েছে। তাই সমাজকে রক্ষা করতে হলে সবার আগে মাদক প্রতিরোধ করতে হবে। এজন্য পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার পাশাপাশি নিজ নিজ এলাকাভিত্তিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
এ সময় তিনি কয়েকটি কঠোর নির্দেশনা দিয়ে বলেন, গ্রামাঞ্চলে রাত ১০টার পর কোনো দোকান, বিশেষ করে চায়ের দোকান খোলা রাখা যাবে না। সন্ধ্যা নামার পর অপ্রয়োজনে কোনো কিশোর বা তরুণ রাস্তায় ঘোরাফেরা করতে পারবে না। শিক্ষার্থীদের সন্ধ্যার পর পড়ালেখায় মনোযোগী হতে হবে এবং ইভটিজিং ও অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পৌর মেয়র প্রার্থী মোহাম্মদ হাসান মিয়াজী।
উত্তর বড়কুল গ্রামবাসীর পক্ষে এ সময় আরও বক্তব্য রাখেন ইউপি সদস্য মো. আতিকুর রহমান, ডা. শ্রীবাস সাহা, বাবুল মিয়া, অমিত সাহা, আব্দুস ছামাদ, সাবেক যুবনেতা মাসুদ আলম, সাবেক ছাত্রনেতা মো. হাবিবুর রহমান, সজিব সাহা প্রমুখ।
ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইমাম হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সাইফুল ইসলাম চৌধুরী মিঠুর সঞ্চালনায় সমাবেশে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. আব্দুল করিম।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান টুটুল, সাবেক সভাপতি হাসান মাহমুদ, সাধারণ সম্পাদক পাপ্পু মাহমুদ, বিএনপি নেতা আব্দুল গফুর পাটওয়ারী বকুল, জিতু মিয়া, যুবনেতা ইঞ্জি. আবু ইউছুফ, আব্দুল জব্বার, জহিরুল ইসলাম, ইকবাল পাটওয়ারী, নুরুল আমিন ফরাজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।








