সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ২১:৩৯

জাতীয় সংসদের সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত হলেন রাশেদা বেগম হীরা এমপি

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।
জাতীয় সংসদের সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত হলেন রাশেদা বেগম হীরা এমপি

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন পরিচালনার জন্য সভাপতিমণ্ডলীর (প্যানেল স্পিকার) সদস্য মনোনীত হয়েছেন চাঁদপুরের কৃতী সন্তান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (নং ৩০৩) এবং বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক সম্পাদক আলহাজ রাশেদা বেগম হীরা।

সোমবার (৯ নভেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৩টায় চতুর্থ অধিবেশনের প্রথম দিনের বৈঠকে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাঁর নামসহ পাঁচ সদস্যের এই প্যানেল ঘোষণা করেন।

সভাপতিমণ্ডলীর অন্য সদস্যরা হলেন—মো. শাহজাহান (নোয়াখালী-৪), সরওয়ার জামাল নিজাম (চট্টগ্রাম-১২), মুহাম্মদ নওশাদ জমির (পঞ্চগড়-১) এবং শাহজাহান চৌধুরী (চট্টগ্রাম-১৫)।

জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী, স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যরা পর্যায়ক্রমে সংসদের অধিবেশনে সভাপতিত্ব করেন। ফলে সংসদ পরিচালনার এই গুরুত্বপূর্ণ দায়িত্বে যুক্ত হলেন চাঁদপুরের এই জ্যেষ্ঠ রাজনীতিবিদ।

জন্ম ও পারিবারিক পরিচয় : আলহাজ রাশেদা বেগম হীরা ১৯৫৭ সালের ২৯ আগস্ট জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক বাড়ি চাঁদপুর সদর উপজেলার ৫ নম্বর রামপুর ইউনিয়নের আলগী গ্রামে। তাঁর বাবা মরহুম সোলাইমান তপাদার এবং মা মরহুমা আনোয়ার বেগম। তাঁর স্বামী মরহুম মো. রফিকুল ইসলাম মজুমদার চট্টগ্রাম বিভাগে খাদ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

শিক্ষাজীবন ও কর্মজীবন : তিনি ১৯৮১ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমএ এবং ১৯৯০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি অর্জন করেন। শিক্ষাজীবন থেকেই ছাত্র রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় সম্পৃক্ততা ছিল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ১৯৭৯ সালে তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হন এবং বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের ভিপি ও জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

রাজনীতির পাশাপাশি আন্তর্জাতিক সংস্থাতেও সুনামের সঙ্গে কাজ করেছেন তিনি। ১৯৮৪ থেকে ১৯৯০ সাল পর্যন্ত অক্সফাম, সেভ দ্য চিলড্রেন ও ভিএসওসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় জেন্ডার বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করেন।

রাজনৈতিক জীবন ও সংসদীয় অভিজ্ঞতা :

আলহাজ রাশেদা বেগম হীরা দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে তিনি সম্মুখসারিতে ভূমিকা রাখেন এবং রাজনৈতিক কারণে কারাভোগ করেন।

তিনি এর আগে অষ্টম ও নবম জাতীয় সংসদে বিএনপির মনোনয়নে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় মহিলা দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং জাতীয়তাবাদী মহিলা দল চাঁদপুর জেলা শাখার সভানেত্রীর দায়িত্ব পালন করেন।

বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবং ত্রয়োদশ জাতীয় সংসদে তৃতীয়বারের মতো সংরক্ষিত নারী আসন (নং ৩০৩)-এর প্রতিনিধিত্ব করছেন। পাশাপাশি তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

চাঁদপুর প্রেস ক্লাব সভাপতির অভিনন্দন :

আলহাজ রাশেদা বেগম হীরা জাতীয় সংসদের সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি এবং দৈনিক ‘চাঁদপুর খবর’-এর সম্পাদক ও প্রকাশক সাংবাদিক সোহেল রুশদী।

এক অভিনন্দন বার্তায় সোহেল রুশদী বলেন, “চাঁদপুরের কৃতী সন্তান আলহাজ রাশেদা বেগম হীরার এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তি আমাদের পরিবারের পাশাপাশি পুরো চাঁদপুরবাসীর জন্যই অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। তাঁর দীর্ঘ রাজনৈতিক, সামাজিক ও সংসদীয় অভিজ্ঞতা দেশের আইনসভা পরিচালনায় অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।” অভিনন্দন বার্তায় তিনি তাঁর খালাম্মার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও আগামী দিনের সার্বিক সাফল্য কামনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়