প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ০০:১২
উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের উদ্যোগে হাইমচরে জাতীয় সমবায় দিবস উদযাপিত

হাইমচরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ উদ্যোগে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর ২০২৬) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের আয়োজনে র্যালিটি বের হয়। উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সমবায় বিভাগের প্রতিনিধি এবং বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিশেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাইমচর উপজেলা সমবায় অফিসার মো. হাফিজুল ইসলামের সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ আহসানুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোস্তফা কামাল, উপজেলা শিক্ষা অফিসার মো. মানছুর আহমেদ এবং উপজেলা সহকারী মৎস্য অফিসার মো. মাহবুব রশিদ।
সভায় বক্তারা সমবায়ের গুরুত্ব, দেশের আর্থসামাজিক উন্নয়নে সমবায়ী কার্যক্রমের ভূমিকা এবং সমবায়ভিত্তিক সমাজ গঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায় আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই সমবায়ের মূল আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।








