রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ০১:২৩

শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে আজ জাতীয় সমবায় পুরস্কার পাচ্ছেন মো. জসিম উদ্দীন

শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে আজ জাতীয় সমবায় পুরস্কার পাচ্ছেন মো. জসিম উদ্দীন
স্টাফ রিপোর্টার

২০২৫ সালের শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে জাতীয় সমবায় পুরস্কার পাচ্ছেন ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ও বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সম্পাদক মো. জসিম উদ্দীন। সমবায় আন্দোলনে বিশেষ অবদান, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

আজ ৮ নভেম্বর জাতীয় সমবায় দিবস উপলক্ষে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির হাত থেকে তিনি এ পুরস্কার গ্রহণ করবেন।

উল্লেখ্য, মো. জসিম উদ্দীন এর আগেও ২০০৮ সালে শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে জাতীয় সমবায় পুরস্কার অর্জন করেছিলেন। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে তিনি সমবায় আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত থেকে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা তৈরি, দারিদ্র্য বিমোচন এবং সমবায়ভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

২০০১ সালে প্রতিষ্ঠিত চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি হিসেবে তিনি সমিতির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছেন। তাঁর গতিশীল নেতৃত্বে সমিতিটি কর্মসংস্থান সৃষ্টি, স্বনির্ভরতা অর্জন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য উৎপাদন ও বিপণনসহ নানা উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করে আসছে। পাশাপাশি তিনি স্বনির্ভর ও দারিদ্র্য বিমোচন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক, কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচন প্রকল্পের পরিচালক এবং এসবিসিএল ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি চান্দ্রা ট্রেডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং জেএস এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী।

সমবায় খাতে তাঁর অভিজ্ঞতা ও দক্ষতা জাতীয় পর্যায়েও প্রশংসিত হয়েছে। তিনি সরকার মনোনীত সমবায় উন্নয়ন তহবিল পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। জাতীয় সমবায় পুরস্কারের জাতীয় বাছাই কমিটির সদস্য এবং বাংলাদেশ সমবায় বাজার কনসোর্টিয়ামের পরিচালনা কমিটির সদস্য হিসেবেও তাঁর কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ২০২৪ সাল থেকে তিনি বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সমবায়ীদের দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ কার্যক্রমেও তাঁর রয়েছে উল্লেখযোগ্য অবদান। কুমিল্লা কোটবাড়ির বাংলাদেশ সমবায় একাডেমিিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে আয়োজিত প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় তিনি নিয়মিত অংশ নেন। সমবায় সমিতির হিসাব ও নিরীক্ষা, বিনিয়োগ কৌশল, সমবায় প্রশিক্ষণ আধুনিকায়ন এবং আন্দোলনকে শক্তিশালী করার বিষয়ে তিনি মূল্যবান পরামর্শ ও অভিজ্ঞতা শেয়ার করে আসছেন।

আন্তর্জাতিক অঙ্গনেও সমবায় কার্যক্রমে তাঁর সরব উপস্থিতি রয়েছে। তিনি থাইল্যান্ডে অনুষ্ঠিত স্টাডি ট্যুর ও এক্সপোজার প্রোগ্রাম, কানাডায় ওয়ার্ল্ড ক্রেডিট ইউনিয়ন কনফারেন্স, ইন্দোনেশিয়ায় অ্যাসোসিয়েশন অব এশিয়ান কনফেডারেশন অব ক্রেডিট ইউনিয়নের কার্যক্রম, শ্রীলঙ্কার কলম্বোয় ১৭তম আইসিএ-এপি আঞ্চলিক সভা এবং ২০২৬ সালে পানামায় আন্তর্জাতিক সমবায় জোট (আইসিএ)-এর গ্লোবাল কনফারেন্স ও জেনারেল অ্যাসেম্বলিতে অংশগ্রহণ করেছেন।

সমবায় কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও সমানভাবে সম্পৃক্ত রয়েছেন জসিম উদ্দীন। তিনি চাঁদপুর প্রেসক্লাব, চাঁদপুর ডায়াবেটিক সমিতি ও চাঁদপুর রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য। এ ছাড়া রোটারী ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের সদস্য ও চাঁদপুরস্থ ফরিদগঞ্জ ফাউন্ডেশনের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। সমবায় ও সমাজসেবায় অনন্য অবদানের জন্য তিনি এর আগেও জাতীয় ও স্থানীয় পর্যায়ে বহু সম্মাননা স্মারক অর্জন করেছেন।

তাঁর এই অর্জনে চাঁদপুর ও ফরিদগঞ্জের সমবায়ী, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন মহল তাঁকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। সংশ্লিষ্টদের প্রত্যাশা, মো. জসিম উদ্দীনের এই অর্জন স্থানীয় ও জাতীয় পর্যায়ে সমবায় আন্দোলনকে আরও বেশি গতিশীল করবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়